• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি    ১৬ জুলাই ২০২৬, ১২:৩৭ পি.এম.
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্ত চৌধুরী। ছবি: ভিওডি বাংলা
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্ত চৌধুরী। ছবি: ভিওডি বাংলা

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে নেত্রকোনায়। দলের বিজয় উদযাপনের মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্ত চৌধুরী (২৩)।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে শহরের ছোটবাজার এলাকার শহীদ মিনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দীপ্ত চৌধুরী শহরের মালিনী রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে অনুষ্ঠিত আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ বড় পর্দায় বন্ধুদের সঙ্গে উপভোগ করেন দীপ্ত। ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে জয় পাওয়ার পর শহরে সমর্থকদের আনন্দ মিছিল বের হয়। সেই মিছিলের ছবি ও ভিডিও ধারণের উদ্দেশ্যে শহীদ মিনার সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠেন তিনি।

ছাদে অবস্থান করার সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা ও সংস্কৃতিকর্মী পল্লব চক্রবর্তী জানান, আর্জেন্টিনার জয়ের পরপরই স্থানীয় সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মিছিল বের করেন। সেই দৃশ্য ধারণের জন্য দীপ্ত একটি ভবনের দ্বিতীয় তলায় উঠেছিলেন। সেখানে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

নেত্রকোনা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ বলেন, রাত সাড়ে তিনটার দিকে কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় এক তরুণকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে যাওয়ার ঘটনাতেই তার মৃত্যু হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে লঘুচাপের নতুন শঙ্কা
ছবি: সংগৃহীত
তিতাস নদীর তীর ভরাটের দায়ে এনসিপি নেতাকে জরিমানা
ছবি: সংগৃহীত
ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল