ইংল্যান্ডের কাছে হেরে লোগো পাল্টালো নরওয়েজিয়ান এয়ার

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হারের পর মজার এক বাজির শর্ত পূরণ করেছে নরওয়ের বিমান সংস্থা নরওয়েজিয়ান এয়ার। বাজিতে হেরে এক দিনের জন্য নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল ছবির জায়গায় বৃটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।
গত শনিবারের ম্যাচের আগে দুই দেশের জাতীয় বিমান সংস্থা- নরওয়েজিয়ান এয়ার ও বৃটিশ এয়ারওয়েজ- একটি বন্ধুত্বপূর্ণ বাজি ধরেছিল। শর্ত ছিল, যে দেশের দল হারবে, সেই দেশের বিমান সংস্থা ২৪ ঘণ্টার জন্য নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল ছবিতে বিজয়ী দেশের বিমান সংস্থার লোগো ব্যবহার করবে।
বাজির শর্ত মেনে নরওয়েজিয়ান এয়ার, বৃটিশ এয়ারওয়েজের লোগো দিয়ে একটি পোস্টও প্রকাশ করেছে। সেখানে তারা লিখেছে, যদিও আমাদের জন্য টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, এই বন্ধুত্বপূর্ণ বাজি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।
একই সঙ্গে ইংল্যান্ড ও বৃটিশ এয়ারওয়েজকে অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠানটি আরও লিখেছে, সেমিফাইনালে ইংল্যান্ড ও বৃটিশ এয়ারওয়েজের জন্য শুভকামনা। আমরা আন্তরিকভাবে আশা করি, আপনারাই ফুটবলকে ঘরে ফিরিয়ে আনতে পারবেন।
আগামী বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের আটলান্টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য