• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অ্যাপে করা যাবে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগ: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ৭ জুলাই ২০২৬, ০২:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্জ্য ব্যবস্থাপনাকে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ‘ক্লিন কেয়ার’ (ক্লিন কেয়ার) অ্যাপ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত যেকোনো অভিযোগ সরাসরি জানাতে পারবেন এবং অভিযোগ নিষ্পত্তির অগ্রগতিও তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে পারবেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ক্লিন কেয়ার’ অ্যাপের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, আজকের দিনটি ঢাকা নগরের ইতিহাসে একটি গৌরবময় ও যুগান্তকারী দিন। প্রযুক্তি ও নাগরিক সেবার সমন্বয়ের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও ডিজিটাল কাঠামোয় নিয়ে যাওয়ার নতুন অধ্যায়ের সূচনা হলো।

তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে নাগরিক সেবা নিশ্চিত করছে। বাংলাদেশও সেই পথেই এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক, বৈষম্যহীন, টেকসই ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের পরিকল্পনা গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক নাগরিক সেবাকে সনাতন পদ্ধতি থেকে বের করে আধুনিকায়ন করা সময়ের দাবি। সেই লক্ষ্যেই ডিএসসিসি বর্জ্য ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশনের নতুন যুগে নিয়ে যাচ্ছে।

আব্দুস সালাম বলেন, দক্ষিণ কোরিয়ার সিউল, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো এবং নেদারল্যান্ডসের বিভিন্ন শহরে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট সেন্সর ও অ্যাপভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে। এসব শহরে প্রতিদিন কোন এলাকায় কত পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে, কোন ধরনের বর্জ্যের আধিক্য রয়েছে এবং কোন সময়ে বেশি বর্জ্য জমা হচ্ছে—এসব তথ্য ডিজিটাল ডেটা বিশ্লেষণের মাধ্যমে মূল্যায়ন করে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, ডিএসসিসিও এখন সেই আধুনিক ব্যবস্থাপনায় প্রবেশ করছে। বর্জ্য ব্যবস্থাপনার ডেটা অ্যানালিসিসের মাধ্যমে সমস্যার প্রকৃত ধরন চিহ্নিত করে বিজ্ঞানসম্মত ও কার্যকর সমাধান নিশ্চিত করা হবে। আর এই রূপান্তরের মূল চালিকাশক্তি হিসেবে চালু করা হয়েছে ‘ক্লিন কেয়ার’ মোবাইল অ্যাপ।

ডিএসসিসি প্রশাসক বলেন, এতদিন পরিচ্ছন্নতা-সংক্রান্ত অভিযোগ জানাতে নাগরিকদের সিটি করপোরেশনের দপ্তরে আসতে হতো অথবা দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এখন থেকে স্মার্টফোনে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ ব্যবহার করে নগরের যেকোনো স্থান থেকে কয়েকটি ক্লিকের মাধ্যমেই বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগ সরাসরি জানানো যাবে। একই সঙ্গে অভিযোগের বিপরীতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাও ঘরে বসেই দেখা যাবে।

তিনি আরও বলেন, এই অ্যাপের মাধ্যমে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। প্রতিটি অভিযোগের বিপরীতে পরিচ্ছন্নতাকর্মীরা কত দ্রুত সাড়া দিচ্ছেন, তা ডিজিটাল ড্যাশবোর্ডে পর্যবেক্ষণ করা হবে। এর ফলে কোনো এলাকায় অবহেলার সুযোগ থাকবে না।

আবদুস সালাম জানান, অ্যাপ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে কোন ওয়ার্ডে জনবল বাড়ানো প্রয়োজন, কোথায় বর্জ্যবাহী গাড়ির ট্রিপ বৃদ্ধি করতে হবে কিংবা কোন এলাকায় কী ধরনের সমস্যা বেশি এসব বিষয়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এতে পুরো বর্জ্য ব্যবস্থাপনা হবে ডেটা-চালিত ও বিজ্ঞানসম্মত।

তিনি বলেন, একটি আধুনিক ও বিশ্বমানের নগর গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ। ‘ক্লিন কেয়ার’ অ্যাপ নাগরিক দায়িত্ববোধ ও প্রশাসনিক জবাবদিহিতার মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের বর্জ্য ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনাও ডিজিটাল যুগে প্রবেশ করল।

তিনি নগরবাসীকে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে একটি পরিচ্ছন্ন, সবুজ, দূষণমুক্ত, স্বাস্থ্যকর ও স্মার্ট নগর গড়ে তোলার আহ্বান জানান।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা পৌরসভার ৪১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ডিএসসিসির প্রস্তুতি সভা
ঢাকা পৌরসভার ৪১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ডিএসসিসির প্রস্তুতি সভা
হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৫
হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত
ডিএমপির ক্রাইম বিভাগের দায়িত্বে ওসমান গনি