পাবনায় অস্ত্রসহ আটক ৪ জন

পাবনার ঈশ্বরদীতে বিদেশি অস্ত্র ও গুলিসহ ৪ জনকে আটক করেছে র্যাব। সোমবার (৬ জুলাই) ভোরে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের সুপ্ত ইসলাম জীবন (২৬), চররূপপুর বিবিসি বাজার এলাকার বাঁধন ইসলাম (২৩), শাকিল হোসেন (৩০), এবং নতুন রূপপুর দক্ষিণ পাড়ার চঞ্চল ইসলাম নীরব (২৬)।
র্যাব ১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১২ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫টি কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি ম্যাগাজিন স্লাইড, ৫টি ব্যারেল, ৩টি সুইচ গিয়ার চাকু, একটি হাত চাপ ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, ৯টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড, ১০০টি এয়ারগান, কার্তুজ এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক ব্যক্তিদের ঈশ্বরদী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান, পাবনা র্যাব-১২ চারজনকে অস্ত্র-গুলিসহ আটকের পর ঈশ্বরদী থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য