বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

একটানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সোমবার (৬ জুলাই) রাত ৯টায় জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের ফলে বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থায় ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমান আবহাওয়াজনিত পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে।
ভিওডি বাংলা/এমএস/বিন্দু








মন্তব্য