তুচ্ছ কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে: ইসলামী আন্দোলন মহাসচিব

দেশের শিল্পাঞ্চলগুলোতে তুচ্ছ অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং ইতিমধ্যে চাকরিচ্যুত হওয়া শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
সোমবার (৬ জুলাই) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শুরার বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলী।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘শিল্প পুলিশ, বিজিএমইএ ও বিকেএমইএ-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে কমপক্ষে ২০ হাজার শ্রমিক চাকরিচ্যুত বা ছাঁটাইয়ের শিকার হয়েছেন। বাংলাদেশের শ্রমিকেরা ন্যূনতম মজুরিতে কাজ করেন। সঞ্চয় না থাকায় আকস্মিক চাকরি চলে গেলে তাঁরা তাৎক্ষণিকভাবে চরম মানবিক ও অর্থনৈতিক সংকটে পড়েন।’
তিনি আরও বলেন, ‘মালিকপক্ষ বৈশ্বিক ক্রয়াদেশ কমে যাওয়ার অজুহাতে শ্রমিক ছাঁটাই করছে, যা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। যে শ্রমিকেরা রক্ত পানি করে এই শিল্পকে টিকিয়ে রেখেছেন, খারাপ সময়ে তাঁদের ছুড়ে ফেলে দেওয়া অন্যায়। অন্যদিকে, ট্রেড ইউনিয়ন করার উদ্যোগ নেওয়ার কারণেও অনেককে ছাঁটাই করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।’
তিনি মালিক ও শ্রমিককে পরস্পরবিরোধী ভাবাপন্ন না হয়ে পরিপূরক শক্তি হিসেবে কাজ করার আহ্বান জানান এবং ছাঁটাইকৃতদের কর্মসংস্থানে সরকারকে এগিয়ে আসার তাগিদ দেন।
জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা প্রসঙ্গে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘মানুষ অনেক প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলনে জীবন বাজি রেখেছিল, কিন্তু সেই প্রত্যাশা এখন ফিকে হতে চলেছে। অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনায় এখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে দায়িত্ব নিতে হবে এবং জনগণকে দলান্ধতা থেকে বের করে সুস্থ রাজনৈতিক চিন্তায় ঐক্যবদ্ধ করতে হবে।’
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য