আদাবরে বিএনপি নেতা হত্যা, হুকুমদাতা-প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল ও জাপানের ম্যাচ ঘিরে সৃষ্ট সংঘর্ষ ও বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মো. সুমন ও হুকুমদাতা মো. শহীদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৩ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে মো. সুমনকে জামালপুর থেকে এবং মো. শহীদকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ২৯ জুন বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিরোধের জেরে আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশার গ্রুপের সঙ্গে একউ এলাকার রিপন ও পারভেজ গ্রুপের মারামারি হয়। গত ১ জুলাই সন্ধ্যায় দুই পক্ষ মীমাংসার জন্য সালিশে বসে। সেখানে কোনো সমাধান না হওয়ায় সাদ্দাম ও বাদশা রাত ৮টার দিকে সেখান থেকে চলে যান। পথিমধ্যে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় প্রতিপক্ষ। এতে দুজনই গুরুতর আহত হন। আহতদের প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বাদশাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার (৩ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-২ জানতে পারে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মো. সুমন জামালপুরে এবং হুকুমদাতা মো. শহীদ ময়মনসিংহের নান্দাইলে অবস্থান করছেন। পরে র্যাব-২ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর থানায় দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছে র্যাব।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য