• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তরুণদের উদ্দেশে ফখরুল

আর্জেন্টিনা-ব্রাজিল উন্মাদনা পেটে ভাত দেবে না

ভিওডি বাংলা ডেস্ক    ৩ জুলাই ২০২৬, ০৭:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তরুণদের শুধু আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল উন্মাদনায় সীমাবদ্ধ না থেকে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (০৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী চুনিহাড়ী গ্রামে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “খালি আর্জেন্টিনা আর ব্রাজিলের লড়াই নিয়ে মেতে থাকলে লাভ হবে না। তাতে পেটে ভাত আসবে না। আসল কাজ হলো নিজেদের এবং অন্য মানুষের আয় বাড়ানোর সুযোগ তৈরি করা।”

তিনি আরও বলেন, শুধু ফুটবল নিয়ে উচ্ছ্বাস দেখালে জীবনে সফলতা আসে না। দক্ষতা, প্রযুক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আয় এবং কর্মসংস্থানের নতুন পথ তৈরি করতে হবে।

নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, উদ্ভাবনভিত্তিক উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে মনোযোগ বাড়াতে হবে। একইসঙ্গে এমন পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে কাউকে জীবিকার জন্য জমি বিক্রি করতে না হয় কিংবা পরিবারের ওপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়।

দেশীয় প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, উদ্ভাবক মো. সলেমান আলীর সৌরচালিত সেচপাম্প বাংলাদেশের কৃষিখাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। এতে কৃষকদের সেচ ব্যয় কমবে এবং পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণ সহজ হবে।

তিনি বলেন, “সলেমান আমাদের দেশের গর্ব। তরুণ প্রজন্মের জন্য তিনি একটি অনুকরণীয় উদাহরণ। এ ধরনের উদ্ভাবনকে উৎসাহিত করা গেলে দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন।”

এ ধরনের দেশীয় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

এর আগে অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোলার সেচপাম্পের কার্যক্রম ঘুরে দেখেন এবং উদ্ভাবক মো. সলেমান আলীর সঙ্গে মতবিনিময় করেন।

উদ্ভাবক সলেমান আলী জানান, বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহার করে কম খরচে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। সরকারি সহায়তা পেলে এ প্রযুক্তি দেশের প্রত্যন্ত এলাকাতেও ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়ন হচ্ছে: টুকু
সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ ও স্বপদে পুনর্বহালের দাবি অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ। ছবি: সংগৃহীত
অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’, ন্যায়বিচারের দাবি অধ্যক্ষের
কৃষিজমিতে ব্যবহৃত চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় সেচ কার্যক্রম নিয়ে উদ্বেগে স্থানীয় কৃষকরা। ছবি: ভিওডি বাংলা
যাদবপুরে এক রাতেই চার ট্রান্সফরমার চুরি