• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই-আগস্টে বন্যার শঙ্কা, ঝুঁকিতে ব্রহ্মপুত্র-মেঘনা: এফএফডব্লিউসি

নিজস্ব প্রতিবেদক    ৩ জুলাই ২০২৬, ১২:২৮ পি.এম.
উজানের ভারি বৃষ্টিপাতের প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে, বাড়ছে বন্যার শঙ্কাও। ছবি : সংগৃহীত
উজানের ভারি বৃষ্টিপাতের প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে, বাড়ছে বন্যার শঙ্কাও। ছবি : সংগৃহীত

বর্ষা মৌসুমের মাঝামাঝি সময়ে আবারও বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। সংস্থাটি জানিয়েছে, উজানে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা দেখা দিতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদী ব্যবস্থার কিছু পয়েন্টে পানির স্তর কমলেও আগামী চার দিনের মধ্যে আবারও পানি বাড়তে পারে। এরপর পরিস্থিতি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সারদার উদয় রায়হান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষা মৌসুমে নদীগুলোর আচরণ আগের তুলনায় অনেক বেশি অনিশ্চিত হয়ে উঠেছে। প্রতিবছর জুলাই ও আগস্টে দেশের প্রধান নদীগুলোর উজানে ভারি বৃষ্টিপাত হয়, যার প্রভাব বাংলাদেশের নদ-নদীতেও পড়ে। এ কারণেই এ সময়কে বন্যার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধরা হয়।

তিনি জানান, আগামী কয়েক দিনে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে গঙ্গা-পদ্মা নদীর পানিও বাড়তে পারে, তবে আপাতত তা বিপৎসীমার নিচেই থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলেও পানি বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে সতর্কসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এতে নিচু এলাকার বসতবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমি সাময়িকভাবে পানির নিচে চলে যেতে পারে।

বর্তমানে নীলফামারীর ডালিয়া পয়েন্ট ও লালমনিরহাটের তিস্তা নদীর কয়েকটি অংশে পানি সতর্কসীমার কাছাকাছি অবস্থান করছে। এছাড়া সিলেটের ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জের মারকুলি এবং নেত্রকোনার কলমাকান্দা এলাকার নদীগুলোর পানিও বাড়ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উজানে নতুন করে ভারি বৃষ্টি না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতে পারে। তবে টানা বৃষ্টি শুরু হলে দ্রুত পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সারদার উদয় রায়হান আরও বলেন, বর্তমানে দেশের অভ্যন্তরীণ নদী অববাহিকার জন্য ১০ থেকে ১৫ দিন আগেই বন্যার পূর্বাভাস দেওয়ার সক্ষমতা অর্জন করেছে এফএফডব্লিউসি। তবে উপকূলীয় নদীগুলোর ক্ষেত্রে এখনো তিন দিন আগে পর্যন্ত নির্ভুল পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে। প্রযুক্তিগত উন্নয়নের ফলে আগাম সতর্কতা ব্যবস্থা আরও কার্যকর হয়েছে বলেও জানান তিনি।

আবহাওয়া ও নদী বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি গভীর হলে দেশের উপকূলীয় নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা বা জলাবদ্ধতা তৈরি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলা ও চরাঞ্চলে বসবাসকারী মানুষকে আগাম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশে অতীতের ভয়াবহ বন্যার ইতিহাসও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। ১৯৮৮ সালের বন্যায় দেশের প্রায় ৬০ শতাংশ এলাকা পানির নিচে চলে যায়। ওই সময় অতিবৃষ্টি ও উজানের ঢলে দীর্ঘস্থায়ী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। একইভাবে ১৯৯৮ সালের বন্যা প্রায় দুই মাস স্থায়ী হয় এবং এতে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। কোটি কোটি মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয় যখন ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় একই সময়ে পানির চাপ বেড়ে যায়। ২০০৪ সালের ভয়াবহ বন্যার অন্যতম কারণ ছিল এই দুই অববাহিকার পানির উচ্চপ্রবাহ একসঙ্গে মিলিত হওয়া। ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিশাল এলাকা প্লাবিত হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের বন্যা পরিস্থিতি দেখা গেছে। ২০২২ সালে মেঘনা অববাহিকার বন্যায় সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর ২০২৪ সালের বন্যাতেও লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উজানে অতিবৃষ্টির প্রবণতা বাড়ছে, যা বাংলাদেশের জন্য ভবিষ্যতে আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত
নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট
আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ