বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসানীতি

বাংলাদেশের বিদ্যমান ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে কাজ শুরু করেছে সরকার। ২০০৬ সালের পুরোনো ভিসানীতি সংশোধন করে আধুনিক ও সময়োপযোগী একটি নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘ভিসানীতি-২০২৬’-এর একটি খসড়া সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে খসড়াটি আরও পরিমার্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটিও গঠন করা হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, নতুন ভিসানীতির মাধ্যমে বিদেশিদের বাংলাদেশে আগমন ও অবস্থান প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক ভারসাম্য ও আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
সরকারি সূত্রে জানা গেছে, নতুন নীতিতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও সহায়ক পরিবেশ তৈরির বিষয়টি অগ্রাধিকার পাবে। পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ আনা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং পর্যটন খাতকে উৎসাহিত করার বিষয়েও আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে।
এছাড়া বৈশ্বিক ভ্রমণ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পারস্পরিকতার ভিত্তিতে ভিসা সুবিধা সহজ করার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নীতিমালা কার্যকর হলে বাংলাদেশের অভিবাসন ও ভিসা ব্যবস্থাপনায় আরও আধুনিকতা আসবে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য