রাজধানীতে এক পশলা স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২২ ফেব্রুয়ারি) বৃষ্টি হওয়ার এ পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এদিন সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা ও ধোয়াশাচ্ছন্ন। আকাশের গুমোট ভাব দেখে বৃষ্টির সম্ভাবনা অনুমান করা যাচ্ছিল।
দুপুরের দিকে হঠাৎ করেই রাজধানীর যাত্রাবাড়ীতে নামল বৃষ্টি। ১টা ৪৫ মিনিটে নামা এই বৃষ্টি প্রশান্তি আনে অনেকের মনে। এরপর ৩টার দিকে আগারগাঁও এলাকাতেও বৃষ্টি হতে দেখা গেছে।
আজ ৯ ফাল্গুন। শীত পেরিয়ে বসন্ত ও গ্রীষ্মের মিশেলে যখন আবহাওয়ায় এক মর্মর রূপ পরিলক্ষিত হচ্ছে তখন এমন বৃষ্টি ভিন্ন এক আমেজ তৈরি করেছে। এ সময় অপ্রস্তুত কাউকে দেখা গেছে ছাতা ছাড়া ফুটওভার ব্রিজে বৃষ্টি কমার অপেক্ষায় থাকতে, কাউকে বা বৃষ্টিতে ভিজে বাসে উঠতে। কেউ বা ছাতা হাতে সড়ক পারাপার হচ্ছিলেন। বৃষ্টিতে পথচারীদের কিছুটা ভোগান্তি পোহাতে দেখা যায়। তবে বৃষ্টির কারণে ধুলোবালি কিছুটা কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল রোববার শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রোববার এর আওতা আরও বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
ভিওডি বাংলা/ এমএইচ







