ডিএমপির অভিযানে ৪২২ জন গ্রেপ্তার, ৮৯ মামলা

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৮৯টি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ১৯ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৪৩ জন, তেজগাঁও বিভাগে ৮২ জন, মিরপুর বিভাগে ৯৬ জন, গুলশান বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার হয়েছেন।
অভিযান চলাকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, একটি শর্টগান, একটি ছুরি, একটি লোহার রড, একটি স্ক্রু-ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, একটি ল্যাপটপ, একটি এসএসডি, ১৫টি মোবাইল ফোন, ১৬০টি সিম কার্ড, একটি প্রাইভেটকার, একটি ট্রাক, একটি স্কুল ব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা অংশ নেন। অভিযানে মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করার পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ভিওডি বাংলা/আরআই/এফএ








মন্তব্য