• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এনসিপিসহ ৭ দলের বিরুদ্ধে ইসির কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুন ২০২৬, ০১:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৫ জুন) নির্বাচন কমিশনের পক্ষ থেকে পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে এ নোটিশ পাঠানো হয়। ইসির কর্মকর্তা মনির হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে দ্রুত লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ইসি সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী কোনো নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলকে ভোটগ্রহণ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব কমিশনে জমা দিতে হয়। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রম করলেও সংশ্লিষ্ট সাতটি দল কমিশনের কাছে তাদের ব্যয়ের বিবরণী দাখিল করেনি।

এর আগে গত ১৬ মার্চ নির্বাচন কমিশন থেকে চিঠি পাঠিয়ে ১৩ মে’র মধ্যে হিসাব জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। পরে ১৯ মে আবারও সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়। কিন্তু এরপরও দলগুলো কমিশনের নির্দেশনা অনুসরণ করেনি বলে জানিয়েছে ইসি।

নোটিশে বলা হয়েছে, আরপিওর ৪৪গগগ (৫) অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দিলে কমিশন সংশ্লিষ্ট দলকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। একই সঙ্গে সময় বাড়ানোর সুযোগও রয়েছে। তবে এরপরও হিসাব জমা না দিলে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

এ অবস্থায় কেন সংশ্লিষ্ট দলগুলোর বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হবে না এবং কেন তাদের ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না-সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন। দ্রুত সময়ের মধ্যে ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে জবাব পাঠাতে বলা হয়েছে।

যেসব রাজনৈতিক দলকে শোকজ করা হয়েছে সেগুলো হলো-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাংবাদিকদের ওপর হামলা: চার কর্মী বহিষ্কারে দায় সারলো জামায়াত
ছবি: সংগৃহীত
আইসিএপিপির সভায় যোগ দিতে ঢাকা ছাড়ল বিএনপির প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির