• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা, স্থানীয়দের ক্ষোভ

রংপুর প্রতিনিধি    ২৬ জুন ২০২৬, ১২:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর একটি দলীয় সভা আয়োজনকে কেন্দ্র করে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। মসজিদের পবিত্রতা ও শৃঙ্খলা ক্ষুণ্নের অভিযোগ তুলে এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় অনেক মুসল্লি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুন মাগরিবের নামাজের পর জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের নেতারা মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে একটি সাংগঠনিক সভা করেন। ওই সভা থেকে ইমাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মনোহর বাদশাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমীর আসাদুজ্জামান শিমুল। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মসজিদে দলীয় কার্যক্রম আয়োজনের সমালোচনা করেন। স্থানীয় বাসিন্দা নয়ন বলেন, মসজিদের আদব লঙ্ঘন করে দলীয় কর্মসূচি আয়োজন অত্যন্ত নিন্দনীয় এবং এলাকাবাসী এর প্রতিবাদ জানাচ্ছে।

হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, রাজনৈতিক সভায় নানা ধরনের আলোচনা ও সমালোচনা হয়ে থাকে, যা মসজিদের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া চেয়ার-টেবিল বসিয়ে সভা করায় মসজিদের ভাবগাম্ভীর্য ও আদব ক্ষুণ্ন হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আসাদুজ্জামান শিমুল বলেন, তারা সাধারণত এ ধরনের আয়োজন করেন না। গ্রামাঞ্চলে অবস্থিত মসজিদটিতে ওই সময় লোকসমাগম কম থাকায় সেটি ব্যবহার করা হয়েছিল।

তিনি আরও বলেন, ‘ইসলামের দৃষ্টিতে মসজিদ শুধু ইবাদতের স্থানই নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও আলোচনা হওয়ার জায়গাও। তবে সামাজিকভাবে বিষয়টি মানুষ ভালোভাবে নেয়নি। সমালোচনার বিষয়টি আমরাও দেখেছি। তাই ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকব।’

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
জমি নিয়ে বিরোধ, ‘আত্মহত্যা’ সাজাতে গাছে ঝুলিয়ে রাখা হয় লাশ
গাঁজাসহ আটক আর্জেন্টিনা সমর্থক
১ কেজি গাঁজাসহ ডিবির ফাঁদে আর্জেন্টিনা সমর্থক
১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি