বিদেশিদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ওমান

বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বসবাস নীতিতে বড় পরিবর্তন আনল ওমান। এখন থেকে দেশটিতে জমি-বাড়ি ক্রয় বা বিনিয়োগ করলে বিদেশিরা সহজেই ভিসা ও বসবাসের অনুমতি পাবেন। এ ক্ষেত্রে আর কোনো ওমানি নাগরিকের স্পন্সরের প্রয়োজন হবে না।
মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ। নতুন নীতিমালার মাধ্যমে বিদেশিদের জন্য আবাসন ও বিনিয়োগসংক্রান্ত নিয়ম আরও সহজ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যারা ইতোমধ্যে ওমানে জমি বা বাড়ির মালিক হয়েছেন কিন্তু এখনো সম্পত্তির নিবন্ধন সম্পন্ন করেননি, তারাও বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ পাবেন।
ভিসা ও রেসিডেন্স পারমিটের জন্য আবেদনকারীদের কেবল সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ থেকে একটি সনদপত্র দেখাতে হবে। একই সুবিধা সম্পত্তির মালিকের নিকটাত্মীয় পরিবারের সদস্যরাও ভোগ করতে পারবেন। এছাড়া ওমানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই সুবিধার আওতায় থাকবেন।
নতুন নীতিতে বলা হয়েছে, যেসব বিদেশি এখনো সম্পত্তির রেজিস্ট্রেশন শেষ করেননি, তাদের প্রাথমিকভাবে ছয় মাস থেকে এক বছরের ভিসা দেওয়া হবে। অন্যদিকে কোম্পানির প্রতিনিধিরা কোনো স্পন্সর ছাড়াই ভিসা পাওয়ার সুযোগ পাবেন। তবে ভিসা ইস্যুর তিন মাসের মধ্যে তাদের ওমানে প্রবেশ করতে হবে।
দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেই ওমান সরকার এ উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ
ভিওডি বাংলা/এমএস







