বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা আর সহ্য করা হবে না: সেলিম ভূঁইয়া

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, বিএনপির নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং নেতাদের ছবি নষ্ট করার মতো ঘটনা আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার (২০ জুন) বিকেলে হোমনা উপজেলার ৪ নম্বর চান্দেরচর ইউনিয়নের বটতলী বাজার মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সভায় স্থানীয় ও জেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সেলিম ভূঁইয়া বলেন, গত দীর্ঘ সময় ধরে রাজনৈতিক সহনশীলতার অংশ হিসেবে বিভিন্ন দলের সঙ্গে সম্পর্ক ও সহাবস্থানের চেষ্টা করা হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। তিনি দাবি করেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয়ে আক্রমণ এবং নেতাদের ছবি ভাঙচুরের ঘটনা রাজনৈতিক সহনশীলতার সীমা অতিক্রম করেছে।
তিনি আরও বলেন, বিএনপির শক্তি জনগণ এবং এই শক্তিকে ভাঙার চেষ্টা অতীতে কখনো সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এসব পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
সভায় তিনি দলীয় অভ্যন্তরীণ বিরোধ নিয়েও কথা বলেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির একটি অংশ তাঁর নির্বাচনী প্রক্রিয়ায় বিরোধিতা করেছে উল্লেখ করে তিনি বলেন, কিছু নেতা তার বিপক্ষে অবস্থান নিলেও সাধারণ জনগণ ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করেছে। এটি জনগণের আস্থার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে সেলিম ভূঁইয়া বলেন, যারা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু কোনো ধরনের অপকর্ম বা অনিয়মে জড়িত নন, তাদের জন্য বিএনপির দরজা উন্মুক্ত রয়েছে। তবে দলে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি দলীয় শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তা দিয়ে বলেন, একই পরিবারে একাধিক রাজনৈতিক পরিচয়-কেউ বিএনপি, কেউ জামায়াত, আবার কেউ ছাত্রদল-এ ধরনের দ্বৈত বা বিভক্ত রাজনৈতিক আচরণ দলীয় ঐক্যের জন্য ক্ষতিকর। এসব প্রবণতা বন্ধ করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
সভায় তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য।
চান্দেরচর ইউনিয়নের উন্নয়ন প্রসঙ্গে তিনি শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা চেয়ারম্যান, আবু নাসের ওয়াহেদ সম্পদ ও আব্দুল আজিজ সাবমিয়া চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সৈকত আলী মোল্লা এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাউসার মিয়া। সভায় সভাপতিত্ব করেন চান্দেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হাসান (জাকি)।
ভিওডি বাংলা/জা







