হাটহাজারীতে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি গাড়ি চট্টগ্রাম শহরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে র্যাব-৭ এর একটি আভিযানিক দল হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ধোপপুল এলাকায় এস আলম মার্কেটসংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি সন্দেহভাজন নোহা গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হলে মধ্যবর্তী যাত্রী আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো ৯টি বান্ডেল থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় গাড়িতে থাকা মোহাম্মদ আইয়ুবের কাছ থেকে প্রায় ৫৪ লাখ ২০ হাজার টাকার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত গাড়ি এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভিওডি বাংলা/আরকেএইচ/আ







