বাংলাদেশে হাসপাতাল করতে ইরানকে প্রস্তাব জামায়াত আমিরের

বাংলাদেশে ‘বিশ্বমানের’ একটি হাসপাতাল চালু করতে ইরানকে প্রস্তাব দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘটিত যুদ্ধে ইরানের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য দেশটির নাগরিকদের প্রতি শোক ও সহানুভূতিও প্রকাশ করেছেন তিনি।
বুধবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদির সঙ্গে সৌজন্য সাক্ষাতে শফিকুর রহমান এ মনোভাব প্রকাশ করেন বলে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, সাক্ষাতে উভয় দেশের মধ্যে ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন, তেহরান-ঢাকা সরাসরি ফ্লাইট চালু, মেডিকেল টুরিজম নিয়ে আলোচনা করেন শফিকুর রহমান ও ইরান রাষ্ট্রদূত।
দুই দেশের ঐতিহাসিক ‘বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম’ সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি সই করায় ইরানকে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া হয়। শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন শফিকুর রহমান।
বৈঠকে জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাসেম আরমান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর, ইরান দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর এসরাফিল আমিরি গোরজাদ্দিনি, কালচারাল কাউন্সেলর মাহদি মোলারস এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স অফিসার মাহফুজুল হক উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/বিন্দু







