ফেনীতে আ. লীগের ঝটিকা মিছিল

ফেনী শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকালে শহরের স্টেশন রোড এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মুখে মাস্ক পরা ১৫ থেকে ২০ জন তরুণ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের স্টেশন রোড থেকে শুরু হয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
এদিন দুপুরের দিকে মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে একদল তরুণ সড়কে মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম জানান, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। বিকেলে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তারা মিছিলে অংশ নিয়েছেন। আটকদের বিস্তারিত পরিচয় ও সম্পৃক্ততা আরও যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/বিন্দু







