দ্বিতীয় যমুনা সেতু নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত উল্লেখযোগ্য প্রকল্প: মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত উল্লেখযোগ্য প্রকল্প।
সোমবার (১৫জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসেনের সরকার দলীয় সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, সেতু বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে ২০৩৩ সালের মধ্যে বর্ণিত সেতুটি বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। বর্তমানে উক্ত সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, এ লক্ষ্যে নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে নেগোসিয়েশন কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই চুক্তি স্বাক্ষরিত হবে।
সম্ভাব্যতা সমীক্ষায় নিম্নোক্ত সম্ভাব্য অ্যালাইনমেন্টসমূহ বিবেচনা করা হবে:
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা হতে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা পর্যন্ত যমুনা নদীর উপর সেতু নির্মাণ। গাইবান্ধা জেলার বালাসী ঘাট হতে জামালপুর দেওয়ানগঞ্জ ঘাট পর্যন্ত যমুনা নদীর উপর সেতু নির্মাণ, অথবা সমীক্ষার ভিত্তিতে নির্ধারিত অন্য কোনো উপযুক্ত করিডোর।
সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হওয়ার পর অ্যালাইনমেন্ট চূড়ান্তকরণসহ সেতু নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/এফএ







