উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা নেই: মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা আপাতত নেই।
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা কর্মজীবী নারীদের বাসস্থান ও নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিবেচনা করে ক্রমান্বয়ে প্রতিটি জেলায় একটি আধুনিক ডে-কেয়ার সেন্টার এবং কর্মজীবী মহিলা হোষ্টেল স্থাপন প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ কথা জানান।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা আপাতত নেই। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আওতায় মোট ৬৪টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। এর মধ্যে রাজস্ব বাজেটের আওতায় ৪৩টি ডে-কেয়ার সেন্টার ও উন্নয়ন বাজেটের আওতায় ২০টি এবং জাতীয় মহিলা সংস্থার সদর কার্যালয়ে একটি ডে-কেয়ার সেন্টার রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে অনুমোদিত ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন’ প্রকল্পের আওতায় আরো ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা কর্মজীবী নারীদের বাসস্থান ও নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিবেচনা করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ক্রমান্বয়ে প্রতিটি জেলায় একটি আধুনিক ডে-কেয়ার সেন্টার এবং কর্মজীবী মহিলা হোষ্টেল স্থাপন প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে। কর্মজীবী ও শ্রমজীবী মায়েদের সন্তানদের নিরাপদ ও সুরক্ষার লক্ষ্যে নওগাঁ জেলায় ২০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন প্রকল্পের আওতায় ১টি ডে-কেয়ার সেন্টার রয়েছে। উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হলে সেক্ষেত্রে মান্দা উপজেলাকে অগ্রাধিকার প্রদান করা হবে।
ভিওডি বাংলা/এফএ







