স্যানিটারি ন্যাপকিন নিয়ে আলোচনা আমাদের জন্য বেদনার: সংস্কৃতি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
বই মেলায় স্যানিটারি ন্যাপকিন নিয়ে যে আলোচনা সেটাকে বেদনার বলে উল্লেখ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, স্যানিটারি ন্যাপকিন খুবই স্বাভাবিক একটা জিনিস। সরকার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেখানে উইমেন হেলথ হাইজিন নিয়ে সারাদেশে সচেতনতা তৈরি করেছে এবং করছে সেখানে যে কোনো কারণেই হোক বই মেলায় এটাকে নিয়ে এই আলোচনাটা যে হইতে হলো এটা আমাদের জন্য বেদনার।
ফারুকী পোস্টে আরো লেখেন, এই বিষয়ে যেসব ভাই-বোনেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের সবার বক্তব্যের সঙ্গে আমরাও একমত। আপনাদের বিস্ময় এবং ক্ষোভ আমাদেরও।
তিনি লেখেন, যাই হোক বাংলা একাডেমী একটু আগেই বিবৃতির মাধ্যমে জানিয়েছে, যে আগামীকাল থেকে মেলাপ্রাঙ্গণে মেয়েদের ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা থাকবে। এছাড়া অন্যান্য ব্যাপারেও তারা তাদের ব্যাখ্যা জানিয়েছে।
এর আগে বইমেলায় প্রদর্শিত নারী স্বাস্থ্য সুরক্ষার ‘স্টে সেইফ’ নামে স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শন ও বিক্রি বন্ধ করে দেয় বইমেলা কর্তৃপক্ষ। কিছু লোক ‘গোপন পণ্য’ আখ্যা দিয়ে স্যানিটারি ন্যাপকিন প্রকাশ্যে বিক্রি বা প্রদর্শনীতে আপত্তি জানায়। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমি দুটি স্টল বন্ধ করে দেয়।
পরে বাংলা একাডেমির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/ এমপি







