• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী যুবদল নেতা মাসুদুলকে হত্যার খবরে ফুঁসে উঠেছে রাউজান-রাঙ্গুনিয়া ক্যানসারের ওষুধের দাম বাড়াল ভারত ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭ আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১ জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাচ্ছেন তারেক রহমান: আবদুস সালাম ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

পাবনা প্রতিনিধি    ৯ জুন ২০২৬, ০৭:৩৫ এ.এম.
পাবনা মানসিক হাসপাতাল। ছবি-ভিওডি বাংলা

পাবনা মানসিক হাসপাতালে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি থাকা মানসিক রোগী ইনজামুল হক ও নাজমুল ইসলামের মারামারিতে ইনজামুল নিহত হয়েছেন। আহত হয়েছেন নাজমুল। দু'জনেই হাসপাতালের অতি ঝুঁকিপূর্ণ ৬ নম্বর ওয়ার্ডের রোগী।

গত ৩ জুন ভোররাতের দিকে হাসপাতালের আবাসিক ওয়ার্ডে এই মারামারির ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। রোববার (৭ জুন) বিকেলে বিষয়টি জানাজানি হয়।

হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২ জুন সিজোফ্রেনিয়ায় আক্রান্ত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খোঁজাখালি গ্রামের আব্দুল মালেকের ছেলে নাজমুল ইসলাম (২৮) ও ঝিনাইদহের রাজনগর গ্রামের মৃত গোলাম নবীর ছেলে ইনজামুল হক (২৬) কে অতি ঝুঁকিপূর্ণ ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর রাত তিনটার দিকে নাজমুল ও ইনজামুল মারামারিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মাথায় আঘাত পেয়ে মারা যান ইনজামুল। গুরুতর আহত হন নাজমুলও।

এদিকে, নিহতের ঘটনায় নাজমুলকে অভিযুক্ত করে নিহত ইনজামুলের ভাই ইজাজুল হক বাদী হয়ে গত ৩ জুন পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযুক্ত নাজমুল ইসলামের স্ত্রী বিলকিস খাতুন এ বিষয়ে বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে আমার স্বামী অসুস্থ। কিন্তু ইদানীং তার আচরণ আমাদের পক্ষে আর সামলানো সম্ভব হচ্ছিল না। সন্তানের মুখের দিকে তাকিয়েই তাকে সুস্থ করতে হাসপাতালে ভর্তি করেছিলাম, এখন সে খুনের আসামি হয়ে গেল।

তিনি আরও বলেন, আমার স্বামীকে যখন ভর্তি করি, তখন স্পষ্ট বলা হয়েছিল যে তিনি মাঝে মাঝে উত্তেজিত হয়ে মারধর করতে পারেন। সেই অনুযায়ীই তো তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। তারা যদি রোগীকে সামলাতে নাই পারবে, তবে তারা আমাদের সরাসরি বলতে পারতো। আমরা অন্য কোনো ব্যবস্থা নিতাম। কিন্তু তা না করে কেন তার ওপর এমন নির্যাতন করা হলো।

নাজমুলের বাবা আব্দুল মালেক বলেন, ওরা আমার ছেলেকে মারধর করে হাত-পা ভেঙে দিয়েছে। হাসপাতাল থেকে ফোন করে আমাকে বলা হলো, আপনার ছেলে অসুস্থ, এসে নিয়ে যান। এরপর তারা ঢাকার মানসিক হাসপাতালে রেফার করার সব কাগজপত্র ও ওষুধের স্লিপ রেডি করে আমার ছেলেকে রিলিজ (ছাড়পত্র) দিয়ে দেয়। আমি গাড়িতে ওঠার সময় হঠাৎ তারা বড় ডাক্তারের কাছ থেকে আরও কিছু ওষুধ লিখিয়ে দেওয়ার নাম করে আমার কাছ থেকে কাগজপত্রগুলো ফেরত নেয়। এরপর আমার ছেলেকে গাড়ি থেকে জোরপূর্বক টেনেহিঁচড়ে নামিয়ে আবার ভেতরে নিয়ে গিয়ে আটকে রেখেছে। এখন পর্যন্ত সেখানেই আছে।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার বাদী নিহত ইনজামুলের ভাই ইজাজুল হক বলেন, যে ছেলেটা আমার ভাইয়ের সঙ্গে মারামারি করেছে, সেও তো মানসিক রোগী। এমন দু’জন রোগীকে তারা কেন একসঙ্গে রাখলো কীভাবে। যখন তারা মারামারি করছিল তারা কেন থামাতে পারলেন না। আমি সেবাকর্মীদের কাছে জানতে চাইলে বলেছে, তারা ভয়ে মারামারি থামাতে যায়নি। তার দাবি, নাজমুল নয়, রোগীর নিরাপত্তায় চরম গাফিলতি ও ব্যর্থতার দায় হাসপাতাল কর্তৃপক্ষেরই।

গাফিলতির অভিযোগ অস্বীকার করে নানা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছেন সেবাকর্মী ও চিকিৎসকরা। 

পাবনা মানসিক হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট রেখা আক্তার জানান, অনেক সময় রোগীদের দেখে স্বাভাবিক মনে হলেও তারা হঠাৎ করেই চরম সহিংস আচরণ শুরু করে। এমন পরিস্থিতিতে একজন-দুজন নার্সের পক্ষে রোগীকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

তিনি আরও জানান, হাসপাতালে পুরুষ সেবাকর্মীর সংকট রয়েছে। মানসিক রোগী সামলানোর জন্য আলাদা কোনো প্রশিক্ষণ বা ঝুঁকিভাতা নেই। তাই সদিচ্ছা থাকলেও প্রত্যাশিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

অসহায়ত্ব প্রকাশ করে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদ বলেন, যে রোগীরা মারামারি করেছেন তারা আগেও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গভীর রাতে ঘটনাটি ঘটেছে বিধায় কেউ বুঝতে পারেনি। মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। অতি ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য হাসপাতালে পৃথক কোনো আইসোলেশনের ব্যবস্থা নেই। সীমিত জনবল নিয়ে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম মনিরুজ্জামান বলেন, যেহেতু অভিযুক্ত ব্যক্তিও মানসিক রোগী। তাই মামলা দায়েরের পর আমরা আদালত ও মানসিক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পত্র দিয়েছি। সেখান থেকে নির্দেশনা বা করণীয় সম্পর্কে জানার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। আইনি প্রক্রিয়ার পাশাপাশি রোগীর মানসিক অসুস্থতা ও ঘটনার পারিপার্শ্বিকতা যাচাই করে দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

ভিওডি বাংলা/বিন্দু


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চকরিয়ার পথে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী
চকরিয়ার পথে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী
পতাকা বৈঠকে সমাধান হয়নি, শূণ্যরেখায় শিশুসহ ১২ জন
পতাকা বৈঠকে সমাধান হয়নি, শূণ্যরেখায় শিশুসহ ১২ জন
গাজীপুরে মেট্রিক্স কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরে মেট্রিক্স কারখানায় ভয়াবহ আগুন