নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

যশোরের মণিরামপুরে নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় নানা এনামুল হোসেনকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছ।
সোমবার (৮ জুন) রাতে উপজেলার শরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এনামুল ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।
নিহতের স্বজন সাদ্দাম জানান, কয়েকদিন আগে এনামুলের নাতনিকে স্থানীয় কয়েকজন বখাটে যুবক উত্যক্ত করে। রোববার সন্ধ্যায় স্থানীয় ফারাসাত গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বির সাথে দেখা হয় এনামুলের। এনামুল তার নাতনিকে উত্যক্ত করার বিষয়ে জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
স্থানীয়রা পরিস্থিতি শান্ত করে তাদের সরিয়ে দেন। এর জের ধরে সোমবার রাতে এনামুল শরমপুরে বাজার করতে গেলে রাব্বিসহ কয়েকজন যুবক তাকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাদ্দাম দাবি করেন, রাব্বির নেতৃত্বে, রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ইমামুল হোসেনের ওপর হামলা চালায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ জানান, ইমামুল হোসেনের পিঠে গুরুতর জখম ছিল। তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/বিন্দু







