আ.লীগের ইতিহাস পালায়ন ও গণতন্ত্র হত্যার ইতিহাস- সালাহউদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস পালানোর ইতিহাস। শেখ হাসিনার পিতাও স্বাধীনতার ঘোষণা না দিয়ে পালিয়ে গিয়েছিলেন। আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস। ৭৫ সালেও মাত্র ১৭ ঘন্টায় একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিলেন শেখ মুজিব।
রোববার (১৬ ফেব্রুয়ারী) বিকালে দ্রব্য মূল্যের উর্ধ্বগতিরোধ, আইনশৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ ৪ দফা দাবীতে ফেনীর মিজান ময়দানে জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা গণহত্যায় জড়িত, এটা এখন বিশ্বব্যাপী স্বীকৃত ও প্রমাণিত। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে ফ্যাসিস্ট হাসিনা পৃথিবীর নিকৃষ্টতম ও ঘৃণিত শাসক হিসেবে স্বীকৃতি পেয়েছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, সংস্কার করে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। যতক্ষণ পর্যন্ত জনগনের সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষন বিএনপি রাজপথ ছেড়ে যাবো না। শেখ হাসিনা ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিনের ভোট রাতে করে, ডার্মি নির্বাচনের নামে একদলীয় স্বৈরাশাসন কায়েম করেছিলেন। তাকে এদেশের মানুষ পালিয়ে যেতে বাধ্য করেছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দীন আহমেদ।
সরকারের উদ্দেশ্য করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনুন।মানুষ সংস্কার বুঝেনা। অতএব, সংস্কার সংস্কার করে সময় ক্ষেপণ করবেন না।আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ জয়নাল আবেদীন ভিপি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, সহ- প্রশিক্ষণ সম্পাদক রেহেনা আক্তার রানু, সদস্য আবদুল লতিফ জনি, জাতীয় নির্বহী কমিটির সদস্য এড.মেজবাহ উদ্দিন, জালাল উদ্দীন মজুমদার, এড.শাহানা আক্তার শানু,আবু তালেব,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
ভিওডি বাংলা/এম







