• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্রাহ্মণবাড়িয়া দোকান উচ্ছেদকে কেন্দ্র রক্তক্ষয়ী সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৮ জুন ২০২৬, ০২:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর ও থলিয়ারা গ্রামে দোকানের জায়গা ও দোকান উচ্ছেদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় চলা এ সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের মিন্দালী (ছোট গোষ্ঠী) গোষ্ঠীর জুবায়েরের সঙ্গে বাহাদুর বাড়ির (বড় গোষ্ঠী) জয়নাল মিয়ার দীর্ঘদিন ধরে একটি দোকানের জায়গা নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ দোকানটি দীর্ঘদিন ধরে বাহাদুর বাড়ির শিরু মিয়া পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি স্থানীয় গ্রাম্য সালিশে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। চারদিন আগে নেওয়া ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরই জেরে রোববার সকালে উভয় পক্ষের শত শত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে টেঁটা, বল্লম, রামদা ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। এছাড়া উভয় পক্ষের লোকজনের বিরুদ্ধে বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।

সংঘর্ষের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দুপুর দেড়টার দিকে ঢাকায় নেওয়ার পথে একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পুলিশের উপস্থিতিতেই উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর আবারও থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হতো বলে দাবি করেন তারা।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/আমিনুল ইসলাম আহাদ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
গাইবান্ধায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
গাইবান্ধায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে পাবনাকে পরিবেশবান্ধব শহর বানাতে হবে
বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে পাবনাকে পরিবেশবান্ধব শহর বানাতে হবে