ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ময়মনসিংহের ভালুকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (৬ জুন) উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে মিছিলটি বের করা হয়। উপজেলার আল মাহদিন কারখানার সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে শ্রীপুর উপজেলার সীমানা পর্যন্ত গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা ভিডিওটি শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কখন এবং কীভাবে মহাসড়কে এসে মিছিল করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম আইন পরিপন্থী। মিছিলের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/আ







