স্বৈরাচারের প্রেতাত্মারা এখন বিএনপি হয়ে গেছে- আমিনুল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক
আমিনুল হক বলেন, বিভিন্ন জায়গায় ইতোমধ্যে ছোট ছোট টুর্নামেন্ট আয়োজন করে অবৈধ কার্যক্রমের সঙ্গে অনেকেই জড়িয়ে পড়ছে। আওয়ামী লীগের প্রেতাত্মা, স্বৈরাচারের প্রেতাত্মারা যারা রয়েছে সবাই এখন বিএনপি হয়ে গেছে। নব্য বিএনপি আরাফাত রহমান কোকো কিংবা জিয়াউর রহমানের নামে ব্যানার বানিয়ে নতুন দোকান খোলার চেষ্টা করছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই এ ধরনের কাউকে প্রশ্রয় এবং সুযোগ দেওয়া যাবে না।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
তিনি আরও বলেন, গত ১৭ বছর স্বৈরাচারী সরকার দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সে ধ্বংসস্তূপের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে টেনে তুলে নতুনভাবে জাগরণ তৈরির প্রয়াস হাতে নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আর কখনো কোনো দলীয়করণ-রাজনীতিকরণ করা হবে না। যুবসমাজ যেভাবে মাদকের দিকে ঢলে পড়েছে সেই যুবসমাজকে মাদক থেকে মুক্ত করার জন্য ক্রীড়াঙ্গন হবে অন্যতম একটি মাধ্যম।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল বলেন, আমরা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। আমরা বাংলাদেশের খেলাধুলা তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সারা বছরব্যাপী ক্যালেন্ডারের মধ্যে রাখতে ও একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। সেই সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলা অন্যতম একটি মাধ্যম।
জাতীয় ফুটবলের সাবেক এ অধিনায়ক বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নের বাস্তবায়ন তখনই হবে যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকারের কাছে বাংলাদেশের জনগণের জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতার মাধ্যমে আমরা একটা সুন্দর ও গণতন্ত্রকামী বাংলাদেশ গড়তে পারব।
আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট রাজশাহীর আহ্বায়ক মোজাদ্দে জামানী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে টুর্নামেন্টের ব্যবস্থাপক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমনসহ প্রতিযোগী ছয়টি দলের খেলোয়াড় ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এম







