বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট

পারিবারিক কারণে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন সাবেক অজি পেসার শন টেইট।
বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সাবেক অস্ট্রেলিয়ান পেসারের সঙ্গে সম্পর্ক শেষ করেছে বিসিবি।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজের পারিবারিক পরিস্থিতির কথা বোর্ডকে জানানোর পর কম সময়ের দায়িত্বে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন টেইট। তবে সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত বলে সম্মত হয়েছে দুই পক্ষ।
২০২৫ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের সাপোর্ট স্টাফে যোগ দেন টেইট। সাবেক এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের অধীনে বাংলাদেশের পেস বোলিং ইউনিটে দৃশ্যমান উন্নতি এসেছে বলে মনে করে বিসিবি। গত এক বছরে বাংলাদেশ পেসারদের গতি, ধারাবাহিকতা ও কার্যকারিতায় উন্নতিতে তার ভূমিকার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের পেস আক্রমণ সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে বড় আলোচনার জায়গা হয়ে উঠেছে। একসময় স্পিননির্ভর দল হিসেবে পরিচিত বাংলাদেশ এখন নিয়মিতই পেসারদের ওপর ভরসা করছে। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি তিন সংস্করণেই পেসারদের ভূমিকা বেড়েছে। এই পরিবর্তনের পথে টেইটের কাজকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে বোর্ড।
টেইটের সময় বাংলাদেশ জাতীয় দল বেশ কয়েকটি উল্লেখযোগ্য পারফরম্যান্সও করেছে। পেসারদের দক্ষতা বাড়ানো, ম্যাচ পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা করা এবং ধারাবাহিকভাবে ভালো লেংথে বল করার বিষয়ে তিনি কাজ করেছেন দলের সঙ্গে।
দায়িত্ব ছাড়ার বিষয়ে টেইট বলেছেন, বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা তার জন্য সম্মানের ছিল। প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে তিনি বিশেষ বলেও উল্লেখ করেছেন।
টেইট বলেন, সিদ্ধান্তটি সহজ ছিল না। পুরো আলোচনার সময় বিসিবি যে বোঝাপড়া ও সমর্থন দেখিয়েছে, সেটির জন্য তিনি কৃতজ্ঞ। বাংলাদেশের পেসাররা যা অর্জন করেছেন, তা নিয়ে তিনি গর্বিত এবং তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন বলেও জানান সাবেক এই পেসার।
বিসিবিও টেইটের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে। বাংলাদেশের ক্রিকেটে তার সেবা ও ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎ কাজের জন্য শুভকামনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
ভিওডি বাংলা/জা







