• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন আজ

নিজস্ব প্রতিবেদক    ৩ জুন ২০২৬, ১০:২৩ এ.এম.
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আজ বুধবার (৩ জুন) জমা দেওয়ার কথা রয়েছে। 

বহুল আলোচিত এ ঘটনার তদন্ত শেষ হলে সংশ্লিষ্ট প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে সরকার।স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক তদন্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে সম্প্রতি উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। 

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি অ্যাটর্নি জেনারেলও উপস্থিত ছিলেন। বৈঠকে তদন্তের বর্তমান অবস্থা, আইনগত দিক এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নবজাতকদের মৃত্যুর ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত কার্যক্রমে এখন পর্যন্ত নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অ্যাটর্নি জেনারেলকে অবহিত করা হয়েছে।

তার দেওয়া আইনগত পরামর্শ অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তকে আরও গ্রহণযোগ্য ও তথ্যনির্ভর করতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের, বিশেষ করে নবজাতকদের মায়েদের বক্তব্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।  

এতে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায় নির্ধারণ সহজ হবে বলে মনে করছেন তদন্তকারীরা। এদিকে ঈদুল আজহার ছুটির কারণে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির কার্যক্রমে কিছুটা বিলম্ব দেখা দিলেও ইতোমধ্যে কমিটির কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে।

দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কারও অবহেলা, দায়িত্বে গাফিলতি বা অন্য কোনো ধরনের দায় থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করা হবে।

একই সঙ্গে আইন প্রয়োগের ক্ষেত্রে যেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দায় এড়ানোর সুযোগ না পায়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।তিনি আরও জানান, তদন্ত প্রক্রিয়াকে আইনি দিক থেকে আরও শক্তিশালী করতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকীকে তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্ধারিত সময়সীমার মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, তদন্তে অবহেলা বা দায়িত্ব পালনে ব্যর্থতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি ভবিষ্যতে দেশের কোনো হাসপাতাল বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।উল্লেখ্য, রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এরপরই ঘটনা তদন্তে পৃথক কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ-দ্বীন হাসপাতালে বেকারি-ময়লা, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ
আদ-দ্বীন হাসপাতালে বেকারি-ময়লা, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
হামের থাবায় সপ্তাহে ঝরছে ৬০ শিশুর প্রাণ
হামের থাবায় সপ্তাহে ঝরছে ৬০ শিশুর প্রাণ