যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় নিহত ৭

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাস্কাটিন শহরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত একাধিক গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ ঘটনাটিকে একটি ‘ধারাবাহিক হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছে।
সোমবার (১ জুন) দুপুরের দিকে মাস্কাটিন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, পার্ক অ্যাভিনিউ এলাকার একটি বাড়িতে গুলিবর্ষণের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
সেখানে একটি বাড়ির ভেতরে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসাকর্মীরা তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই তদন্তকারীরা ৫২ বছর বয়সি স্থানীয় বাসিন্দা রায়ান উইলিস ম্যাকফারল্যান্ডকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি ওই এলাকা ত্যাগ করেছিলেন।
পরবর্তীতে একটি পথচারী সেতুর কাছ থেকে গুরুতর আহত অবস্থায় ম্যাকফারল্যান্ডকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনি নিজেই নিজেকে গুলি করেছিলেন। জরুরি চিকিৎসাসেবা দেওয়া হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তদন্ত চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী শহরের মিল স্ট্রিট এলাকার আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে আরও একজনের মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তিও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এর কিছুক্ষণ পর গ্র্যান্ডভিউ অ্যাভিনিউয়ের একটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে আরও একজনের মরদেহ পাওয়া যায়। তিনিও গুলির আঘাতে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নিহতদের সবাই সন্দেহভাজন হামলাকারীর পরিবারের সদস্য ছিলেন।
এ কারণে ঘটনাটির পেছনে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্ব কাজ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তকারীরা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটনে কাজ চালিয়ে যাচ্ছেন।
সূত্র: এনডিটিভি
ভিওডি বাংলা/জা







