• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গাইবান্ধায় আধিপত্য নিয়ে বিএনপির সঙ্গে সংঘর্ষ, জামায়াত নেতার মৃত্যু

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি    ৩১ মে ২০২৬, ০৩:১১ এ.এম.
ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন লড়াইয়ের পর রংপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

গাইবান্ধার পলাশবাড়ীতে পানহাটির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার জেরে সংঘর্ষে আহত জামায়াত নেতা সামিউল ইসলাম ওরফে অভির মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) ভোরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সামিউল ইসলাম পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর পৌর শাখার অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি হোসেনপুর ইউনিয়নের ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন এবং পৌর শহরের সিধনগ্রামের আকবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২০ মে বিকেলে পলাশবাড়ী পৌর শহরের ছোটশিমুলতলা পানহাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষেই তিনি গুরুতর আহত হন।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের নিক্ষেপ করা ইটের আঘাতে সামিউল ইসলামের বুকে মারাত্মক আঘাত লাগে। ঘটনাস্থলেই তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শুক্রবার (২৯ মে) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করা হয়।

সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চান মিয়া বলেন, সামিউলের শরীরে কিছু সমস্যা থাকলেও সেদিনের ঘটনায় তার বুকে ইটের আঘাত লেগেছিল।

এদিকে ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল। তিনি বলেন, পানহাটি নিয়ে সেদিনের ঘটনায় পলাশবাড়ী উপজেলা বিএনপির নেতাকর্মীদের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না।

পাল্টাপাল্টি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ। তিনি বলেন, পানহাটির ঘটনা নিয়ে আগেই দুই পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) এ বি এম রশীদুল বারী বলেন, ঘটনাটি ওই আঘাতের কারণেই মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করা যাবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস উল্টে যেতেই যাত্রীদের চিৎকার, আহত ১৭
বাস উল্টে যেতেই যাত্রীদের চিৎকার, আহত ১৭
জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ঈদের আনন্দে সবাই যখন ব্যস্ত, তখনো সীমান্তে অতন্দ্র প্রহরায় ৫৫ বিজিবি
ঈদের আনন্দে সবাই যখন ব্যস্ত, তখনো সীমান্তে অতন্দ্র প্রহরায় ৫৫ বিজিবি