• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুর প্রতিনিধি    ২৯ মে ২০২৬, ০৫:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মরিচখেতে কুড়িয়ে পাওয়া একটি পরিত্যক্ত হাতবোমা (ককটেল) বিস্ফোরণে রাহাত মাদবর নামে এক শিশুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশও গুরুতর ক্ষতবিক্ষত হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে কেউ পরিকল্পিতভাবে এই বোমা ফেলে রাখতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল ১০টার দিকে জাজিরা উপজেলার চরধুপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে। আহত রাহাত চরধুপুর গ্রামের সামসু মাদবরের ছেলে।

সকালে রাহাত বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভিটায় চাষ করা খেতে মরিচ তুলতে যায়। সেখানে পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তু দেখে কৌতূহলী হয়ে হাতে নেয়। নাড়াচাড়া করার একপর্যায়ে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই রাহাতের ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাঁ হাতসহ শরীরের বিভিন্ন অংশ স্প্লিন্টারের আঘাতে ক্ষতবিক্ষত হয়।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রাহাতকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন।

আহত রাহাতের পরিবার দাবি করছে, এটি সাধারণ কোনো দুর্ঘটনা নয়, বরং এর পেছনে দীর্ঘদিনের পারিবারিক বা সামাজিক বিরোধ থাকতে পারে।

আহত শিশুর চাচা বাবুল মাদবর বলেন, ‘জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের বিরোধ চলছে। আমাদের ধারণা, কেউ শত্রুতাবশত ক্ষতি করার উদ্দেশ্যে সেখানে হাতবোমাটি ফেলে রাখতে পারে। আমরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।’

খবর পেয়ে জাজিরা থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।

জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটি কুড়িয়ে পাওয়া ককটেলটি কৌতূহলবশত খোলার চেষ্টা করছিল। ঠিক তখনই এটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তার দুই হাতের কবজি পর্যন্ত অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসি বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ঠিক কী কারণে ও কীভাবে সেখানে হাতবোমাটি এলো তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

ভিওডি বাংলা/এফএ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুশইন ও চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
পুশইন ও চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না : মির্জা ফখরুল
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না : মির্জা ফখরুল
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ১ কোটি ২৬ লাখ
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ১ কোটি ২৬ লাখ