ঈদ শুভেচ্ছা : সামাজিক যোগাযোগমাধ্যমে সরব প্রধানমন্ত্রীর সহকর্মীরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কোলাকুলির বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সরকারের বিভিন্ন কর্মকর্তা, সহকর্মী ও ঘনিষ্ঠজনরা। বৃহস্পতিবার দিনভর এসব ছবি ও পোস্ট ঘিরে ফেসবুকে চলে ব্যাপক লাইক, শেয়ার ও মন্তব্য।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামের ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ঈদের কোলাকুলির ছবি শেয়ার করা হয়। সেখানে লেখা হয়, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম মহোদয়ের কার্যকর নেতৃত্বে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। এই বিশেষ জামাতে সর্বস্তরের মুসল্লিদের সাথে শামিল হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারের পদস্থ মন্ত্রীবর্গসহ আরও অনেকে।”
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি তার সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়ের মুহূর্ত ফেসবুকে শেয়ার করে লিখেছেন,
“ঈদ মুবারক... 🌹▫️
| প্রধানমন্ত্রীর বাসভবন | ১৯৬ গুলশান এভিনিউ, ঢাকা | ২৮ মে ২০২৬ | বৃহস্পতিবার |”
ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদও প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলির ছবি শেয়ার করে তার ফেসবুক আইডিতে ক্যাপশনে লেখেন, “আমাদের ঈদ।”
ছবিগুলোতে অসংখ্য মানুষ ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেন।
এদিকে সুজন মাহমুদের সাবেক সহকর্মী সাংবাদিক মিরাজ হোসেন গাজী, সুজন মাহমুদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়ের ছবিগুলো শেয়ার করে ফেসবুকে লেখেন,
“ওরে লজ্জা রে, একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। কাছে আয়, লজ্জা পাইস না। বগুড়ার ছোট ভাই, তোর পেটের সাইজ দিন দিন যা হইতেছে, এরপর তো কোলাকুলি করতে পারবি না! ওর কাজ আরো বাড়িয়ে দিতে হবে, দৌড়ের উপর রাখতে হবে.....” ঈদ মোবারক।
পোস্টের শেষে তিনি লেখেন, “আমাদের সুজন মাহমুদ, মাননীয় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব।”
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাত হোসেন স্বাধীনও তাঁর ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মুহূর্ত শেয়ার করেছেন।
অন্যদিকে প্রধানমন্ত্রীর গবেষণা বিষয়ক কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী তার সঙ্গে প্রধানমন্ত্রীর কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময়ের ছবি শেয়ার করে লিখেছেন,
“ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ঈদ মোবারক। বন্ধু বান্ধব, সহকর্মী, সহযাত্রী, নেতাকর্মী এবং প্রিয় দেশবাসীকে ঈদুল আজহার প্রাণঢালা শুভেচ্ছা।”
এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও ছাত্রদল নেতা তারিকুল ইসলামের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময়ের মুহূর্তের ছবিগুলোতেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক লাইক, শেয়ার ও মন্তব্য দেখা গেছে।
ভিওডি বাংলা/এসআর







