• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ২৮ মে ২০২৬, ০৯:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে মাদকের টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া (উত্তর দেবের পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিমি বেগম ওই গ্রামের কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলের স্ত্রী।

পুলিশ জানায়, রুবেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো। বুধবার থেকেই মাদকের টাকার জন্য স্ত্রী মিমির সঙ্গে তার বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রুবেল আবারও স্ত্রীর কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রুবেল ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে মিমিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে স্থানীয় সূত্র জানায়, মিমির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ঘাতক রুবেলকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকাসক্ত স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/মনিরুজ্জামান জাহিদ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন, কাজ করছে একাধিক ইউনিট
চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন, কাজ করছে একাধিক ইউনিট
ঈদের দিনও চলবে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস
ঈদের দিনও চলবে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস
ঈদের নামাজ আদায় ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
ঈদের নামাজ আদায় ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি