• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টোল প্লাজায় বাড়তি নিরাপত্তা

যানজট নিয়ন্ত্রণে সক্রিয় বিজিবির ২৩ টিম

নিজস্ব প্রতিবেদক    ২৬ মে ২০২৬, ০৪:৩৩ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি টিম কাজ করছে।

মঙ্গলবার (২৬ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাইপাইল ও নবীনগর এলাকায় ৪টি টিম, পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এলাকায় ৬টি টিম, মেঘনা সেতু, পঞ্চবটি সেতু, কাঞ্চন সেতু, মোগড়াপাড়া এবং মদনপুর মোড়/কাঁচপুর এলাকায় ৪টি টিম, গাজীপুর চৌরাস্তা এলাকায় ১টি টিম, যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে ২টি টিম, চট্টগ্রাম শাহ আমানত কর্ণফুলী সেতু এলাকায় ১টি টিম, খুলনার রূপসা খান জাহান আলী সেতু এলাকায় ১টি টিম, কিশোরগঞ্জের ভৈরব সেতু এলাকায় ১টি টিম, লালন শাহ সেতুর কুষ্টিয়া ও পাবনা প্রান্তে ২টি টিম এবং নাটোরের গুরুদাসপুর আত্রাই টোল প্লাজা এলাকায় ১টি টিম মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা গত ২১ মে থেকে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যানজট নিরসন, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে, যা ঈদের পরবর্তী ০৩ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার 

মঙ্গলবার সকাল থেকে মেঘনা টোল প্লাজা, কাঁচপুর সেতু ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছে বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন ৬২।

বিজিবি সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন জেলার মানুষ বাড়ির পথে যাত্রা করেন। এই সুযোগে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংঘটনের আশঙ্কা থাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির সদস্যরা টহল শুরু করেন। মেঘনা টোল প্লাজা এলাকায় নায়েব সুবেদার মো. আতাউর রহমানের নেতৃত্বে এবং কাঁচপুর সেতু এলাকায় হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

নারায়ণগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন ৬২ এর অধিনায়ক মির্জা মোহাম্মদ আরাফাত জানান, ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে আমাদের ৮ প্লাটুন বিজিবি মহাসড়কের বিভিন্ন স্থানে টহল কার্যক্রম পরিচালনা করছে। ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে পরিবারের কাছে পৌঁছাতে পারেন এবং কোনো ধরনের অপরাধের শিকার না হন, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে নিরাপত্তা ব্যবস্থা ঘিরে কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি
ঈদে নিরাপত্তা ব্যবস্থা ঘিরে কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি
ঈদে বাড়ি ফিরতে ট্রেনে বিশেষ কোচ পেলেন নারীরা
ঈদে বাড়ি ফিরতে ট্রেনে বিশেষ কোচ পেলেন নারীরা
সড়কে দুর্বৃত্তায়ন নয়, অভিযোগ এলেই ব্যবস্থা: সেতুমন্ত্রী
সড়কে দুর্বৃত্তায়ন নয়, অভিযোগ এলেই ব্যবস্থা: সেতুমন্ত্রী