অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে সুইস বিশ্বকাপ স্কোয়াড

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সুইজারল্যান্ড।
দলের অন্যতম অভিজ্ঞ দুই তারকা রিকার্ডো রদ্রিগেজ ও গ্রানিত জাকা চতুর্থবারের মতো সিনিয়র বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। ২০০৯ সালে নাইজেরিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপজয়ী সুইজারল্যান্ড দলের সদস্য ছিলেন এই দুজন।
তাদের সঙ্গে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে জায়গা পেয়েছেন মানুয়েল আকাঞ্জি, ব্রিল এমবোলো, গ্রেগর কোবেল ও ডেনিশ জাকারিয়ার মতো পরিচিত ফুটবলাররা। কোচ মুরাত ইয়াকিন অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে দল সাজিয়েছেন।
স্কোয়াডের সবচেয়ে কম বয়সী সদস্য ২০ বছর বয়সী ইয়োহান মানজামবি। বুন্দেসলিগার ক্লাব ফ্রাইবুর্গের হয়ে দারুণ মৌসুম কাটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। অন্যদিকে গোলরক্ষক মারভিন কেলার স্কোয়াডের একমাত্র খেলোয়াড়, যিনি এখনো জাতীয় দলের হয়ে অভিষেকের সুযোগ পাননি।
রদ্রিগেজ ও জাকা এর আগে ব্রাজিল ২০১৪, রাশিয়া ২০১৮ ও কাতার ২০২২ বিশ্বকাপে খেলেছেন। জাতীয় দলের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১২টি ম্যাচ খেলার রেকর্ডেও তারা যৌথভাবে শীর্ষে আছেন। এই রেকর্ডে তাদের সঙ্গী সুইস কিংবদন্তি জেরদান শাকিরি।
২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জায়গা না পেলেও তার ছয় মাস আগে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ইতিহাস গড়েছিল এই প্রজন্মের ফুটবলাররা। প্রথমবার অংশ নিয়েই টানা সাত ম্যাচ জিতে শিরোপা জেতে সুইজারল্যান্ড, যা ছিল দেশটির প্রথম বৈশ্বিক ফুটবল শিরোপা।
বিশ্বকাপে সুইজারল্যান্ডের সূচি
১৩ জুন: কাতার বনাম সুইজারল্যান্ড — সান ফ্রান্সিসকো বে অ্যারেনা
১৭ জুন: সুইজারল্যান্ড বনাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা — লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম
২৪ জুন: সুইজারল্যান্ড বনাম কানাডা — বিসি প্লেস, ভ্যাঙ্কুভার
সুইজারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক:
মারভিন কেলার, গ্রেগর কোবেল, ইভন এমভোগো।
ডিফেন্ডার:
মানুয়েল আকাঞ্জি, ওরেল আমেন্দা, এরে কোমের্ত, নিকো এলভেদি, লুকা হেকেজ, মিরো মিউহাইম, রিকার্ডো রদ্রিগেজ, সিলভান ভিডমার।
মিডফিল্ডার:
মিকেল এবিশার, ক্রিস্টিয়ান ফ্যাসনাখ্ট, রেমো ফ্রয়লার, আর্ডন ইয়াশারি, ইয়োহান মানজামবি, ফাবিয়ান রিডার, জিব্রিল সো, রুবেন ভার্গাস, গ্রানিত জাকা, ডেনিশ জাকারিয়া।
ফরোয়ার্ড:
জেকি আমদৌনি, ব্রিল এমবোলো, সেদরিক ইতেন, ড্যান এনদোয়ে, নোয়াহ ওকাফর।
ভিওডি বাংলা/আ







