নোবিপ্রবিতে আপত্তিকর চিত্র আঁকাকে কেন্দ্র করে ছাত্রীদের বিক্ষোভ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হযরত বিবি খাদিজা হলে আপত্তিকর চিত্র অঙ্কন এবং নারী শিক্ষার্থীদের উদ্দেশে নির্মাণশ্রমিকদের অশালীন আচরণের অভিযোগে মধ্যরাতে বিক্ষোভ করেছেন হলের ছাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন।
বুধবার (২০ মে) রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত হল গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
ছাত্রীদের অভিযোগ, ভবনের চতুর্থ তলায় নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা দেয়ালে আপত্তিকর চিত্র এঁকেছেন। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নামেন।
শিক্ষার্থীরা জানান, এর আগেও হলে কাজ করতে আসা কয়েকজন শ্রমিক নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অশালীন ইঙ্গিত দিয়েছেন। বিষয়টি হল প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
এক শিক্ষার্থী বলেন, মেয়েদের হলে কোনো পুরুষ প্রবেশ করলে বাঁশি বাজানোর নিয়ম রয়েছে। তবে অনেক সময় কর্মচারী বা নির্মাণশ্রমিকরা বাঁশি বাজানোর পাশাপাশি ছাত্রীদের উদ্দেশে শিস দেন, যা অস্বস্তিকর ও অপমানজনক।
আরেক শিক্ষার্থী জানান, জলছাদ নির্মাণকাজে কয়েকজন শ্রমিক কয়েক দিন ধরে হলে কাজ করছিলেন। বুধবার কাজ শেষে যাওয়ার আগে একজন শ্রমিক পেছনের ব্লকের ছাদে আপত্তিকর একটি নারীর ছবি এঁকে রেখে যান।
আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে যান হলের সহকারী প্রভোস্ট নাজমুন নাহার ও তাসনিম আলম। তারা শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আলোচনা শেষে সহকারী প্রভোস্ট তাসনিম আলম বলেন, শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সকালে প্রভোস্টের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত শুনে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ভিওডি বাংলা/আ







