• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মব দমনে কঠোর হবে ডিএমপি: কমিশনার

নিজস্ব প্রতিবেদক    ২০ মে ২০২৬, ০২:১৫ পি.এম.
সংবাদ সম্মেলনকালে ডিএমপি কমিশনার। ছবি: ভিওডি বাংলা

রাজধানীতে মব কালচার, কিশোর গ্যাং, চাঁদাবাজি, মাদক কারবার, ছিনতাই ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, অপরাধ দমনে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরে কোনোভাবেই মব কালচারকে প্রশ্রয় দেওয়া হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, প্রায় তিন কোটি মানুষের এই মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা বড় চ্যালেঞ্জ হলেও অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান চলছে। গত ১ মে থেকে পরিচালিত বিশেষ অভিযানে ২০৬ জন তালিকাভুক্ত চাঁদাবাজ, ৮৪৭ জন মাদক কারবারি এবং ৬৭০ জন ছিনতাইকারী ও সন্ত্রাসীসহ মোট ২ হাজার ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিষয়ে তিনি বলেন, এসব অপরাধের বিরুদ্ধে ডিএমপির অবস্থান ‘জিরো টলারেন্স’। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।

রাজধানীতে কিশোর গ্যাং তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে কমিশনার জানান, বিভিন্ন এলাকায় সক্রিয় ১২৭টি কিশোর গ্যাংয়ের বিষয়ে পুলিশ কাজ করছে। গ্যাং লিডারদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে এবং পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিকভাবেও এ সমস্যা মোকাবিলার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত মোহাম্মদপুরে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনার কথাও জানান ডিএমপি কমিশনার।

থানায় দালালচক্রের তৎপরতা ও সাধারণ মানুষের হয়রানির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, থানাকে আরও জনবান্ধব ও সেবামুখী করা হবে। কোনো থানায় দালালের উপস্থিতি কিংবা ভুক্তভোগীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জনগণ থানায় গিয়ে যেন সম্মানজনক আচরণ ও প্রয়োজনীয় সহযোগিতা পায়, সেটিই পুলিশের লক্ষ্য।

যানজট নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা জোরদারের কথাও তুলে ধরেন তিনি। কমিশনার জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে এআইভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সড়ক আইন লঙ্ঘনের ভিডিও ফুটেজের ভিত্তিতে ই-প্রসিকিউশন কার্যক্রম চালু করা হয়েছে।

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে পশুর হাট, ঈদ জামাত, শপিংমল, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

নগদ অর্থ বহনের ঝুঁকি এড়াতে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের আহ্বান জানিয়ে বড় অঙ্কের টাকা পরিবহনে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেন ডিএমপি কমিশনার।

ট্রাফিক পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সঙ্গে খারাপ আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না। আইন প্রয়োগের নামে কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করার সুযোগ নেই।

ভিওডি বাংলা/এম আই/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের সুপারিশ
নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের সুপারিশ
লালবাগে গুলিতে আহত রাফির মৃত্যু
লালবাগে গুলিতে আহত রাফির মৃত্যু
আন্দোলনের মধ্য দিয়েই বিএনপির জন্ম, ভয় দেখিয়ে লাভ নেই: আবদুস সালাম
আন্দোলনের মধ্য দিয়েই বিএনপির জন্ম, ভয় দেখিয়ে লাভ নেই: আবদুস সালাম