• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকা শহরকে ফুল ও গাছ দিয়ে সাজাতে চাই: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২০ মে ২০২৬, ০১:৪৯ পি.এম.
এলিফ্যান্ট রোডের ১৯ নম্বর ওয়ার্ডস্থ সবজি বাগান এসটিএস- এর সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধনে বক্তব্য দেন আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ঢাকা শহরকে ফুল ও গাছে সাজিয়ে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এজন্য নগরবাসীর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।  

বুধবার (২০ মে) সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডের ১৯ নম্বর ওয়ার্ডস্থ সবজি বাগান এসটিএস- এর সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধনে এসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যেসব জায়গায় আগে এসকেএসগুলো দুর্গন্ধের কারণে কেউ করতে দিত না, সেখানে আমরা এখন দুর্গন্ধ কমিয়ে সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করছি। এ পর্যন্ত তিনটি ওয়ার্ডে কাজ করতে সক্ষম হয়েছি। ধীরে ধীরে সব জায়গায় কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ, সবগুলোকে আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব।

আবদুস সালাম বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। জনগণ সহযোগিতা করলে আগামী দুই বছরের মধ্যে ঢাকা শহরের চেহারা বদলে দেওয়া সম্ভব।

তিনি বলেন, “এই ঢাকা শহরের সৌন্দর্য বৃদ্ধি, রক্ষা, বায়ুদূষণ ও ট্রাফিক দূষণ থেকে মুক্ত রাখা-সবকিছুর দায়িত্ব আমাদের সবার। শুধু একা সিটি করপোরেশন বা একজন প্রশাসকের পক্ষে এটি সম্ভব নয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিয়ত ঢাকা শহরের খোঁজ রাখছেন। পার্ক, খাল ও নগরীর বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছেন। সরকারপ্রধান যদি সচেতন থাকেন এবং সমস্যা সমাধানে উদ্যোগী হন, তাহলে কাজ সহজ হয়ে যায়।

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রভাব মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, প্রতিটি এলাকায় জরিপ চালানো হচ্ছে এবং যেখানে ডেঙ্গুর ঝুঁকি বেশি, সেখানে মশার প্রজননস্থল ধ্বংসে কাজ চলছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনার যার যার বাড়ি, আঙিনা ও ড্রেন পরিষ্কার রাখুন। কোথাও যেন পানি জমে না থাকে। তাহলে ডেঙ্গু মশা সেখানে ডিম পাড়তে পারবে না।

তিনি আরও বলেন, এই ঢাকা শহর আমার, এই ঢাকা শহর আপনার। এই শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের সবাইকে বদলাতে হবে। যেখানে-সেখানে আবর্জনা ফেলা যাবে না, ড্রেনে পলিথিন বা ময়লা ফেলা যাবে না।

এ সময় তিনি জানান, প্রতি মাসের প্রথম সপ্তাহের প্রথম শনিবারকে “ক্লিনিং ডে” হিসেবে ঘোষণা করা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। আবদুস সালাম বলেন, “জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। জনগণের অভাব-অভিযোগের পাশে থাকতে হবে।

তিনি চিফ কনজারভেন্সি অফিসার, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা প্রতিটি এসকেএসকে বাগানে রূপান্তর করব। সেখানকার পরিবেশ সুন্দর করব। এটাই আমাদের শপথ।

এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা দক্ষিণে ১১টি পশুর হাট বসানো হচ্ছে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।

তিনি বলেন, “আমরা চাই ক্রেতা-বিক্রেতা কেউ যেন কোনো অসুবিধার সম্মুখীন না হন। পাশাপাশি নগরবাসীরও যেন কোনো সমস্যা না হয়।

তিনি জানান, প্রতিটি হাটে একটি করে কন্ট্রোল রুম স্থাপন করা হবে। সেখানে পর্যবেক্ষণের জন্য লোকজন থাকবে। প্রতিটি হাটে ডাক্তার রাখা হবে, যাতে গবাদিপশু বা মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়। পাশাপাশি পুলিশের টহল থাকবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।

হাট শেষে ময়লা-আবর্জনা পরিষ্কার না করার বিষয়ে এক প্রশ্নের জবাবে আবদুস সালাম বলেন, ইজারাদারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও ডিএসসিসির পক্ষ থেকে পূর্ণাঙ্গ ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, ঈদের দিন ও ঈদের আগের দিন হাট শেষ হওয়ার রাত থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে। কোরবানি শেষ হওয়ার পর আট ঘণ্টার মধ্যেই ইনশাআল্লাহ ঢাকা মহানগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেওয়া হবে।”

সবশেষে তিনি বলেন, “ইনশাআল্লাহ আমরা ঢাকা শহরকে ফুল ও গাছ দিয়ে সাজাতে চাই। এজন্য নগরবাসীর সবার সহযোগিতা প্রয়োজন।”

ভিওডি বাংলা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ বছরও বাংলা ভাষায় প্রচার হবে হজের খুতবা
এ বছরও বাংলা ভাষায় প্রচার হবে হজের খুতবা
দেশের ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের
দেশের ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট চালু
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট চালু