প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে বৈঠকে নির্বাচন কমিশন
প্রবাসী বাংলাদেশিদের ভোটব্যবস্থা নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (২২ জুলাই) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মামুনুর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বৈঠকে ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বৈঠকে দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের অগ্রগতি, প্রকল্পের কর্মপরিধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।
অফিস আদেশে জানানো হয়, দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের চলমান কার্যক্রম, কর্মপরিধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বুধবার সকাল ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ওসিভি-এসডিআই প্রকল্প গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
এই প্রকল্পের আওতায় তথ্যপ্রযুক্তি সহায়তাপ্রাপ্ত ডাকযোগে ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছিলেন ৭ লাখ ৬৩ হাজার ২৩৩ জন প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে ভোট দিয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৩৭৮ জন।
প্রবাসীদের পাঠানো ব্যালটের মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছায় ৪ লাখ ৯৮ হাজার ২০৫টি। এর মধ্যে বৈধ ভোট হিসেবে গণনা করা হয়েছে ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি।
ভিওডি বাংলা/আ









মন্তব্য