ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল দেখানো বন্ধ করলো ‘তৌহিদী জনতা’

যশোরে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখানোর আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের ঈদগাহ মাঠে ফাইনাল ম্যাচ প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হলেও আপত্তির মুখে শেষ পর্যন্ত আয়োজন বাতিল করে সরঞ্জাম সরিয়ে নেন আয়োজকরা।
ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সেইলর চলতি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় দেখানোর আয়োজন করেছিল যশোর টাউন হল মাঠে। সেখানে বৃক্ষমেলা চলায় ফাইনাল ম্যাচটি দেখানোর জন্য ঈদগাহ মাঠ নির্ধারণ করা হয় এবং সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল।
রোববার (১৯ জুলাই) রাত ৯টার দিকে একদল মুসল্লি ঈদগাহ মাঠে জড়ো হয়ে সেখানে খেলা প্রদর্শনের বিষয়ে আপত্তি জানান। তারা মাঠের পবিত্রতা রক্ষার দাবি তুলে প্রতিবাদ ও মানববন্ধনের প্রস্তুতি নেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজক ও প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনা করে। আলোচনার পর সিদ্ধান্ত হয়, ঈদগাহ মাঠে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ প্রদর্শন করা হবে না। এরপর আয়োজকরা তাদের সব সরঞ্জাম সরিয়ে নেন।
প্রতিবাদকারীদের একজন ইয়াসিন আরাফাত বলেন, ঈদগাহ মাঠ একটি ধর্মীয় স্থান। এ ধরনের স্থানে বিনোদনমূলক আয়োজন করা উচিত নয়। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঈদগাহ মাঠ মুসল্লিদের ইবাদতের জন্য নির্ধারিত পবিত্র স্থান। তাই সেখানে বিশ্বকাপ ফুটবলের মতো অনুষ্ঠান আয়োজন মাঠের মর্যাদা ও পবিত্রতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা ধর্মীয় স্থানের সম্মান রক্ষায় প্রশাসনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আয়োজক কমিটি, জেলা প্রশাসন ও প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনা করে ঈদগাহ মাঠে খেলা প্রদর্শনের আয়োজন স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য