যে সংস্কার বিভক্তি সৃষ্টি করে সে সংস্কার আমরা চাই না

নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের পর যে দল ক্ষমতায় আসুক, এই দেশের স্বাধীনতার সার্বভোমত্ব টিকিয়ে রাখার স্বার্থে আমরা তাকেই সমর্থন দিয়ে কাজ করে যাবো। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিল থানার আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
২৪ এর গণহত্যার বিচার সম্পর্কে মির্জা আব্বাস বলেছেন, গণহত্যার বিচার হতেই হবে। যারা গণহত্যা করেছে, যারা লুট করেছে, যারা ছিনতাই করেছে, এদেশে মানুষের অধিকার, কথা বলার অধিকার, এই দেশের মানুষের সম্পদ লুট করেছে, যারা এই দেশের শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, গুলির নির্দেশ দিয়েছে, তারা কেউ যেন বিচারের হাত থেকে রেহাই না পায় সেই বিষয়ে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, যে সংস্কার বিভক্তি সৃষ্টি করে সে সংস্কার আমরা চাই না।বিএনপি ঐক্যের রাজনীতি করে। কেননা ঐক্যবদ্ধ জনশক্তিই দেশের উন্নয়ন করতে পারে। নির্বাচন বন্ধ রেখে সংস্কার নয়।বরং সংস্কার ও নির্বাচন একসাথেই চলবে। কারণ হলো একটা দেশ অনন্তকাল নির্বাচন বিহীন থাকতে পারে না।
আব্বাস বলেন, বাকশাল উঠিয়ে দিয়ে সর্বদলীয় রাজনীতি চালু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সংস্কার করেছিলেন। বাকশালের কারণে হাসিনার রাজনীতির সুযোগ ছিলো না। জিয়াউর রহমান হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সকল পত্র-পত্রিকা চালু করেছেন, জনগণকে কথা বলার অধিকার এবং ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন মেজর জিয়া। পরে বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন।
অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার ঘোষণা দিয়ে হয় না। ২০২২ সালে আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন। বর্তমান সময়ে যারা দেশকে বিভাজনের মাধ্যমে সংস্কার করতে চান, তাদেরকে বলতে চাই; আমাদের ছোট্ট একটা দেশকে ভাগ করে সংস্কার এদেশের মানুষ কখনোই কামনা না।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, যতক্ষণ পর্যন্ত মানুষের ভোটাধিকার, কথা বলার স্বাধীনতা ফিরিয়ে না দেয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।
তিনি বলেন, সঠিক রাজনীতির কারণে বিএনপি ; বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান জনপ্রিয়তায় সবার শীর্ষে অবস্থান করছেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর হাসান রবিন এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, তারেক রহমানের বিশেষ উপদেষ্টা ডা. মাহাদী আমিন সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং মতিঝিল থানা বিএনপির কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ রিয়াদ/ এমএইচ







