সীমান্ত নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রণধীর জয়সওয়াল

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক ঘোষণার পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।
মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তও সেই দৃষ্টিভঙ্গি থেকেই দেখা হচ্ছে। তবে এ উদ্যোগ বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে যান তিনি।
এর আগে সোমবার পশ্চিমবঙ্গ সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সীমান্তরক্ষা বাহিনীর কাছে দেড় মাসের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে।
এ ঘোষণার পর বাংলাদেশ থেকেও প্রতিক্রিয়া আসে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের জনগণ ও সরকার এসবকে ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি।
দিল্লির ওই ব্রিফিংয়ে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশের বিষয়ও উঠে আসে। এ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল জানান, অবৈধভাবে ভারতে অবস্থান করছেন—এমন প্রায় ২ হাজার ৮৬০ জনের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে আগেই অনুরোধ জানিয়েছে ভারত। দিল্লির দাবি, তারা বাংলাদেশি নাগরিক হলেও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সাড়া পাওয়া যায়নি।
ব্রিফিংয়ে তিস্তা প্রকল্প নিয়েও প্রশ্ন করা হয়। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফরের সময় তিস্তা উন্নয়ন প্রকল্পে বেইজিংয়ের অংশগ্রহণ চাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে সাংবাদিকরা জানতে চাইলে ভারতীয় মুখপাত্র সরাসরি মন্তব্য না করে বলেন, প্রতিবেশী দেশগুলোর বিষয়ে ভারত সবসময় নজর রাখে এবং পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেয়।
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল বাংলাদেশে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কি না—এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, দিল্লি এখনো বাংলাদেশকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই দেখে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের অবস্থান থেকে সরে আসেনি।
সূত্র: এএনআই
ভিওডি বাংলা/এমএস







