ইসরায়েলি হামলায় শিশুদের ওপর ভয়াবহ প্রভাব, জাতিসংঘের সতর্কতা

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলার ফলে ফিলিস্তিনি শিশুদের জীবন চরম ঝুঁকির মুখে পড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
জাতিসংঘের শিশু সংস্থা (ইউনিসেফ)-এর মুখপাত্র জেমস এলডার জানিয়েছেন, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অন্তত ৭০ জন ফিলিস্তিনি শিশু প্রাণ হারিয়েছে।
তিনি বলেন, শিশুরা অসহনীয় মূল্য দিচ্ছে। সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলা ক্রমেই বেড়ে চলেছে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে প্রতি সপ্তাহে গড়ে অন্তত একজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। একই সময়ে প্রায় ৮৫০ শিশু আহত হয়েছে, যাদের অধিকাংশই গুলিবর্ষণের ঘটনায় ক্ষতিগ্রস্ত।
জাতিসংঘ আরও জানিয়েছে, গত মার্চ মাসে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিদের আহত হওয়ার সংখ্যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
সংস্থাটির মতে, চলমান সহিংসতা শিশুদের বেঁচে থাকা এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠার মৌলিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, পানির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্বাস্থ্যসেবায় বিঘ্ন ঘটছে এবং মানুষের চলাচলও সীমিত হয়ে পড়ছে।
ভিওডি বাংলা/এমএস







