ট্রাইব্যুনালে অভিযোগ
২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি

শেখ হাসিনার শাসনামলে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপহরণ করে গুম ও ক্রসফায়ারের নামে ২ হাজার ২৭৬ জনকে হত্যার তদন্তের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
সোমবার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন।
অভিযোগে উল্লেখ করা হয়, বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ এবং এসব অঙ্গ সংগঠনের সন্ত্রাসী বাহিনী এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় অপহরণ পূর্বক গুম করে নির্যাতন করে।
অভিযোগে আরো বলা হয়, দিনের পর দিন হেফাজতে রেখে ক্রসফায়ারের নামে হত্যা, গুম, আয়নাঘরে আটক ও মিথ্যা গায়েবি মামলা দেয়া হয়েছে। লাখ লাখ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে অবৈধভাবে আটক রাখে।
এই সময়ে শুধু মাত্র ক্রসফায়ারের নামেই ২২৭৬ জনকে হত্যা করা হয়। এর মধ্যে ১৭৭৬ জন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেরই হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, ফ্যাসিবাদ সরকার উদ্দেশ্যে প্রণোদিত ভাবেই বিএনপির মতো একটি বড় দলের নেতা-কর্মীদের মিথ্যাভাবে কাল্পনিক ঘটনা সৃষ্টি করে ক্রসফায়ারের নামে হত্যা করে। ক্রসফায়ারের নামে হত্যায় ভুক্তভোগী পরিবার এখনো ন্যায় বিচারের অপেক্ষায় আছে।
ভিওডি বাংলা/এসআর







