মধ্যরাতে ইডেন কলেজে বিক্ষোভ, ব্যানার-ফেস্টুনে আগুন

রাজধানীর ইডেন মহিলা কলেজে ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’-এর দাবিতে গভীর রাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাতের দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে আন্দোলনে নামেন একদল শিক্ষার্থী। এসময় গেটে টাঙানো কয়েকটি ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ইডেন কলেজ এবং প্রস্তাবিত হজরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। বিক্ষোভকারীরা কলেজের বিভিন্ন গেটের সামনে অবস্থান নেন এবং কয়েকটি গেট ভাঙারও চেষ্টা করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে। তাদের অভিযোগ, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। তাই দ্রুত ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এর আগে সন্ধ্যায় কলেজ গেটের সামনে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রং দিয়ে মুছে ফেলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভ শুরু হয়।
ভিওডি বাংলা/আ







