• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আরিফিন শুভকে নিয়ে তিশার আবেগঘন প্রশংসা

বিনোদন ডেস্ক    ৮ মে ২০২৬, ০৪:৩৯ পি.এম.
আরিফিন শুভ-নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত

বলিউড অঙ্গনে নিজের যাত্রার শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে তার অভিনয় দর্শক ও সমালোচকদের দৃষ্টি কেড়েছে ব্যাপকভাবে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও চলচ্চিত্র বিশ্লেষকদের পর্যালোচনায় বারবার উঠে এসেছে শুভর অভিনয়ের প্রশংসা। কেউ তাকে সিরিজের সবচেয়ে উজ্জ্বল মুখ বলছেন, আবার কেউ মনে করছেন পুরো গল্পের প্রাণ হয়ে উঠেছেন তিনি।

এই সাফল্যের মধ্যেই শুভকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘জ্যাজ সিটি’ দেখার অভিজ্ঞতা শেয়ার করে তিশা অভিনেতার প্রশংসা করেন। স্টোরিতে সিরিজের একাধিক স্থিরচিত্র পোস্ট করে তিনি লেখেন, ‘দয়া করে সনি লিভে “জ্যাজ সিটি” দেখুন। অসাধারণ অভিনয়। তোমাকে নিয়ে খুব গর্বিত আরিফিন শুভ।’

তিশার এই মন্তব্যের পর ভক্ত-অনুরাগীদের মধ্যেও নতুন করে আলোচনা শুরু হয়েছে শুভর অভিনয় দক্ষতা নিয়ে। বিশেষ করে আন্তর্জাতিক পরিসরে একজন বাংলাদেশি অভিনেতার এমন গ্রহণযোগ্যতা অনেকের কাছেই ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এর আগেও একসঙ্গে কাজ করেছেন আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। সর্বশেষ তাদের দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেন খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। ছবিটিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ, আর সেই চরিত্রের জন্য তার দীর্ঘ প্রস্তুতি ও নিবেদন নিয়ে তখনও প্রকাশ্যে প্রশংসা করেছিলেন তিশা।

সেসময় অভিনেত্রী বলেছিলেন, চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে শুভ যেভাবে নিজেকে প্রস্তুত করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তার মতে, একজন অভিনেতা হিসেবে শুভ নিজের সীমা ভেঙে কাজ করার চেষ্টা সবসময়ই করে থাকেন।

এদিকে ‘জ্যাজ সিটি’ সিরিজটি মুক্তির পর দর্শকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া মিলছে। গত ১৯ মার্চ মুক্তি পাওয়া সিরিজটি পরিচালনা ও রচনা করেছেন সৌমিক সেন। প্রায় ১০ পর্বের এই সিরিজে কেন্দ্রীয় চরিত্র ‘জিমি রায়’-এ অভিনয় করেছেন আরিফিন শুভ।

সিরিজটির অন্যতম আকর্ষণ হচ্ছে ভাষার বৈচিত্র্য। পুরো গল্পজুড়ে শুভকে বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি- চারটি ভাষায় সংলাপ বলতে দেখা গেছে। বহুভাষিক এই পারফরম্যান্সই তাকে অন্য মাত্রায় নিয়ে গেছে বলে মনে করছেন অনেকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া
‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত