নবীনদের পদচারণায় মুখর রুয়েট, ৯ মে ওরিয়েন্টেশন

নবীন শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে আবারও মুখর হতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে আগামী ৯ মে আয়োজন করা হয়েছে ওরিয়েন্টেশন অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ওরিয়েন্টেশনের পরদিন অর্থাৎ ১০ মে থেকে শুরু হবে প্রথম বর্ষের নিয়মিত ক্লাস।
রুয়েট প্রশাসনের ১৫৭তম একাডেমিক কাউন্সিল সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতি বছর নবীনদের স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন করা হলেও এবারও তা আড়ম্বরপূর্ণভাবে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রকৌশল অনুষদের অধীনে মোট ১৪টি বিভাগে ১ হাজার ২৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। এর মধ্যে সিএসই, ইইই, সিই ও এমই বিভাগে প্রতিটিতে ১৮০টি করে আসন রয়েছে। এমটিই, সিএমই, আইপিই, এমএসই, ইউআরপি, ইসিই ও ইটিই বিভাগে ৬০টি করে এবং এআরসিএইচ, সিএইচই ও ইসিএম বিভাগে ৩০টি করে আসন নির্ধারিত ছিল।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয় ৩ ফেব্রুয়ারি। এর আগে ২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। ২২ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ১৮ হাজার ২৭৭ জন আবেদনকারীর মধ্যে ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।
২৪ জানুয়ারি প্রকাশিত ফলাফলে ‘ক’ গ্রুপে ৭ হাজার ৭০২ জন এবং ‘খ’ গ্রুপে ২৭৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে মেধাতালিকার ভিত্তিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়।
ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়েছে। এর মধ্যে ছিল অনলাইনে বিষয় পছন্দ ফর্ম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং রুয়েটের মেডিকেল বোর্ডের অধীনে স্বাস্থ্য পরীক্ষা। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে শিক্ষার্থীদের বেশ সময় ব্যয় করতে হলেও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সহায়তামূলক ব্যবস্থা রাখা হয়।
এবারের ভর্তি কার্যক্রমে ‘অটো মাইগ্রেশন’ পদ্ধতি চালু ছিল, যার ফলে শূন্য আসনের ভিত্তিতে শিক্ষার্থীরা তাদের উচ্চতর পছন্দের বিভাগে স্থানান্তরের সুযোগ পেয়েছেন। এতে অনেক শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত বিভাগে ভর্তির সুযোগ লাভ করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে আবারও প্রাণ ফিরে আসবে এবং শিক্ষার পরিবেশ আরও গতিশীল হয়ে উঠবে।
ভিওডি বাংলা/জা







