• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জার্মানিতে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত তারেক রহমান

ভিওডি বাংলা ডেস্ক    ৪ মে ২০২৬, ০৮:৩৭ পি.এম.
জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে বিএনপির জার্মানি শাখা আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের বিজয় এবং শুকরিয়া অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত করেছে দলটির জার্মানি শাখা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অটুট রাখা, মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রামের জন্য তাকে ভূষিত করা হয় এই উপাধিতে।

শনিবার (২ মে) জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে বিএনপির জার্মানি শাখা আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের বিজয় এবং শুকরিয়া অনুষ্ঠান থেকে তারেক রহমানকে এ উপাধিতে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম যখন তারেক রহমানকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেন, তখন উপস্থিত নেতা-কর্মীরা মুহুর্মুহু করতালির মাধ্যমে ও দাঁড়িয়ে তারেক রহমানকে অভিবাদন এবং ঘোষণাকে স্বাগত জানান।

এর আগে জার্মানি বিএনপির নেতারা গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে দেশ ও প্রবাস থেকে ভোট দিয়ে জয়ী করায় দলের কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। 

এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

সভাপতির বক্তব্যে দেওয়ান শফিকুল ইসলাম বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে অনুসরণ করে তারেক রহমান সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিশে তাদের খোঁজখবর নিচ্ছেন। ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন জনগণেরই একজন। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের মতো উদ্যোগের মাধ্যমে তিনি মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনার প্রয়াস চালিয়ে যাচ্ছেন, যা ইতোমধ্যে পুরো দেশের মানুষের মধ্যে প্রভাব ফেলেছে।

তিনি আরও বলেন, তারেক রহমান তার পূর্বসুরিদের আদর্শিক পথ অনুসরণ করে দেশের গণতন্ত্র রক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই ধারাবাহিক নেতৃত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতার কারণেই তিনি স্থান করে নিয়েছেন মানুষের হৃদয়ে। এ জন্যই তিনি জনগণের বন্ধু, দেশের বন্ধু। আজ থেকে আমরা বলবো, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবন্ধু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির জার্মানি শাখার সাধারণ সম্পাদক মাসুদ রেজা, বিএনপি নেতা মোজাম্মেল হক, আনিসুর রহমান শামীম, সাখাওয়াত হোসেন সোহাগ, মঞ্জুর সরকার, আল আমিন রিয়াজ, সেলিম ব্যাপারী মন্ডল, জুয়েল খান, নিয়াজ হাবিব, আসিফ ইকবাল ভূইয়া, হায়াতুন্নবী রুমেলসহ জার্মানি বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

বক্তারা তারেক রহমানের নেতৃত্ব, মানবিকতা এবং সাধারণ মানুষের সঙ্গে তার গভীর সম্পৃক্ততার কথা তুলে ধরেন। তারা উল্লেখ করেন, দীর্ঘদিন প্রবাসে থাকার পরও তিনি যেভাবে বাংলাদেশের সর্বস্তরের মানুষের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন, তা সত্যিই বিরল ও প্রশংসনীয়।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
সারাদেশে হাম ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু
সারাদেশে হাম ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু